Psalms 36
36:1 দুষ্টদের অপরাধ সম্বন্ধে আমার অন্তর আল্লাহ্র এই বাণী পেয়েছে, “দুষ্ট লোকেরা আল্লাহ্কে ভয় করে না।”
36:2 তারা নিজেদের বিষয়ে বড়াই করে বলে যে, আল্লাহ্ তাদের গুনাহ্ ধরবেন না, ঘৃণার চোখেও দেখবেন না।
36:3 তাদের মুখের কথা খারাপ ও ছলনায় পূর্ণ; বুদ্ধিমানের মত চলা তারা বাদ দিয়েছে, আর বাদ দিয়েছে ভাল কাজ করা।
36:4 বিছানায় শুয়েও তারা খারাপ বুদ্ধি আঁটে; তারা অন্যায় পথে নিজেদের ছেড়ে দেয় আর খারাপকে ঘৃণা করে না।
36:5 হে মাবুদ, তোমার অটল মহব্বত মহাশূন্যে পৌঁছায়; তোমার বিশ্বস্ততা যেন আকাশ ছুঁয়েছে।
36:6 তোমার সততা অটল পাহাড়ের মত; তোমার ন্যায়বিচার যেন গভীর সাগর। হে মাবুদ, মানুষ ও পশু সবাইকে তুমিই বাঁচিয়ে রাখ।
36:7 হে আল্লাহ্, তোমার অটল মহব্বতের দাম দেওয়া যায় না; তোমার পাখার ছায়ায় মানুষ আশ্রয় পায়।
36:8 তোমার ঘরের প্রচুর খাবার খেয়ে তারা তৃপ্ত হয়; তোমার আনন্দ-নদীর পানি তুমি তাদের খেতে দাও।
36:9 তোমার মধ্যে জীবনের ঝর্ণা রয়েছে; তোমার নূরেই আমরা নূর দেখি।
36:10 যারা তোমাকে জানে তাদের প্রতি যেন তোমার অটল মহব্বত সব সময় থাকে; যাদের অন্তর খাঁটি তারা যেন সব সময় তোমার ন্যায়বিচার পায়।
36:11 আমাকে অহংকারীদের পায়ের তলায় ফেলো না; দুষ্টেরা যেন আমাকে তাড়িয়ে দিতে না পারে।
36:12 যারা খারাপ কাজ করে বেড়ায় দেখ তারা পড়ে গেছে; তাদের ফেলে দেওয়া হয়েছে, তারা আর উঠতে পারবে না।