Psalms 37
37:1 তুমি দুষ্ট লোকদের বিষয় নিয়ে উতলা হোয়ো না, কিংবা অন্যায়কারীদের দেখে হিংসা কোরো না;
37:2 কারণ ঘাসের মতই তারা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সবুজ লতা-গুল্মের মতই বেশী দিন টিকবে না।
37:3 মাবুদের উপর বিশ্বাস রাখ আর ভাল কাজ কর; নিজের দেশে বাস কর, বিশ্বস্তভাবে চল।
37:4 মাবুদকে নিয়ে আনন্দে মেতে থাক; তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন।
37:5 তোমার জীবন পথের ভার মাবুদের উপর ফেলে দাও; তাঁর উপর ভরসা কর, তিনিই সব করবেন।
37:6 তিনিই তোমার সততাকে আলোর মত উজ্জ্বল করে তুলবেন; তোমার ন্যায় কাজকে দুপুরের রোদের মত স্পষ্ট করবেন।
37:7 মাবুদের সামনে শান্ত হও; ধৈর্য্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর। নিজের কাজ সফল করতে যে লোক তার দুষ্ট পরিকল্পনা কাজে লাগায়, তার দরুন তুমি উতলা হোয়ো না।
37:8 রাগ করা বন্ধ কর, মেজাজ দেখানো ত্যাগ কর; উতলা হোয়ো না, কারণ তা তোমাকে কেবলই খারাপের দিকে নিয়ে যাবে।
37:9 দুষ্ট লোকদের ধ্বংস করা হবে, কিন্তু মাবুদের উপর যারা আশা রাখে তারা দেশের দখল পাবে।
37:10 আর কিছুকাল পরেই দুষ্টেরা শেষ হয়ে যাবে; খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না।
37:11 কিন্তু নম্র লোকেরা দেশের দখল পাবে; প্রচুর দোয়া পেয়ে তারা আনন্দে মাতবে।
37:12 আল্লাহ্ভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটে আর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে।
37:13 দীন-দুনিয়ার মালিক জানেন দুষ্টদের শেষ দিন ঘনিয়ে এসেছে, সেজন্যই তাদের দেখে তিনি হাসেন।
37:14 দুঃখী ও অভাবীদের সর্বনাশ করার জন্য, সৎ পথে চলা লোকদের হত্যা করবার জন্য, দুষ্টেরা তলোয়ার বের করে আর ধনুকে টান দেয়।
37:15 কিন্তু তাদের তলোয়ার তাদের বুকেই ঢুকবে আর তাদের ধনুক ভেংগে যাবে।
37:16 অনেক দুষ্ট লোকের প্রচুর ধন আছে, কিন্তু আল্লাহ্ভক্তদের যেটুকু আছে সেটুকুই ভাল।
37:17 দুষ্টদের হাত ভেংগে যাবে, কিন্তু মাবুদ আল্লাহ্ভক্তদের ধরে রাখবেন।
37:18 নির্দোষ লোকের প্রতিদিনকার জীবন মাবুদ জানেন; তাদের পাওনা সম্পত্তি চিরকাল থাকবে।
37:19 দুঃখের দিনে তারা লজ্জায় পড়বে না; দুর্ভিক্ষের দিনে তারা যথেষ্ট খাবার পাবে।
37:20 কিন্তু দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যাবে; মাবুদের শত্রুরা ক্ষেতের সৌন্দর্যের মত মিলিয়ে যাবে, মিলিয়ে যাবে ধোঁয়ার মত করে।
37:21 দুষ্টেরা ধার করে শোধ দেয় না, কিন্তু আল্লাহ্ভক্তেরা দয়ালু ও দানশীল।
37:22 মাবুদ যাদের দোয়া করেন তারা দেশের দখল পাবে, কিন্তু যাদের তিনি বদদোয়া দেন তাদের ধ্বংস করা হবে।
37:23 মাবুদই শক্তিশালী লোকদের চলার পথ ঠিক করে দেন; তাদের জীবন দেখে তিনি খুশী হন।
37:24 পড়ে গেলেও তারা পড়ে থাকবে না, কারণ মাবুদের হাতই তাদের ধরে রাখছে।
37:25 আমি যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি, কিন্তু আল্লাহ্ভক্তদের ত্যাগ করা হয়েছে কিংবা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছে এমন আমি দেখি নি।
37:26 আল্লাহ্ভক্তেরা সব সময় দয়ালু হয় আর ধার দেয়; তাদের বংশধরেরা দোয়া পাবে।
37:27 খারাপী ত্যাগ কর আর ভাল কাজ কর, তাতে চিরকাল বেঁচে থাকবে।
37:28 মাবুদ ন্যায়বিচার ভালবাসেন; তাঁর ভক্তদের তিনি ত্যাগ করেন না। চিরকাল তাদের রক্ষা করা হবে, কিন্তু দুষ্টদের বংশধরদের ধ্বংস করা হবে।
37:29 আল্লাহ্ভক্ত লোকেরা দেশের দখল পাবে আর সেখানে চিরকাল বাস করবে।
37:30 আল্লাহ্ভক্তদের মুখ জ্ঞানের কথা প্রচার করে; তাদের জিভ্ ন্যায়বিচারের কথা উচ্চারণ করে।
37:31 তাদের আল্লাহ্র নির্দেশ তাদের অন্তরে রয়েছে; তাদের পা পিছ্লে যাবে না।
37:32 দুষ্ট লোকেরা আল্লাহ্ভক্তদের জন্য ওৎ পেতে থাকে, তাদের হত্যা করবার চেষ্টা করে।
37:33 কিন্তু মাবুদ দুষ্টদের হাতে তাদের ছেড়ে দেবেন না; বিচারে তাদের দোষী সাব্যস্ত হতে দেবেন না।
37:34 মাবুদের উপর আশা রাখ, তাঁর পথে চল; তিনি তোমাকে মহান করবেন যাতে তুমি দেশের দখল পাও। দুষ্টেরা ধ্বংস হলে তুমি তা দেখতে পাবে।
37:35 নিষ্ঠুর দুষ্ট লোককে আমি বেড়ে উঠতে দেখেছি, দেখেছি নিজের জায়গায় থাকা ডালপালা ছড়ানো পাতা-ভরা গাছের মত।
37:36 তার পরে সে শেষ হয়ে গেল, আর রইল না; আমি তার খোঁজ করলাম, তাকে পাওয়া গেল না।
37:37 নির্দোষ লোকদের জীবনের দিকে তাকাও; ঐ সৎ লোকদের দেখ। যারা শান্তি ভালবাসে তাদের বংশ থাকবে।
37:38 কিন্তু গুনাহ্গার লোকেরা শেষ হয়ে যাবে; ঐ সব দুষ্ট লোকদের বংশ ধ্বংস হয়ে যাবে।
37:39 আল্লাহ্ভক্তদের উদ্ধার মাবুদের কাছ থেকেই আসে; বিপদের সময় তিনিই তাদের আশ্রয়।
37:40 মাবুদই তাদের সাহায্য ও রক্ষা করেন; দুষ্টদের হাত থেকে তিনিই তাদের উদ্ধার করেন, আর তিনিই তাদের বাঁচান, কারণ তারা তাঁরই মধ্যে আশ্রয় নিয়েছে।