Library · bn

Psalms 5

5:1 হে মাবুদ, আমার কথায় কান দাও, আমার দিলের আকুলতা দেখ। 5:2 হে আমার বাদশাহ্‌, হে আমার আল্লাহ্‌, তোমার সাহায্যের জন্য আমার ফরিয়াদ তুমি শোন, কারণ আমি তোমারই কাছে মুনাজাত করছি। 5:3 হে মাবুদ, প্রতিদিন সকাল বেলায় তুমি আমার কথা শুনতে পাও। সকাল বেলায় আমি তোমার সামনে আমার মুনাজাতের ডালি সাজিয়ে রাখি আর আশা নিয়ে চেয়ে থাকি। 5:4 হে আল্লাহ্‌, তুমি অন্যায়ে আনন্দিত হওয়ার আল্লাহ্‌ নও; খারাপ লোকেরা তোমার সামনে থাকতে পারে না। 5:5 যারা গর্বিত তারা তোমার সামনে দাঁড়াতে পারে না; যারা খারাপ কাজ করে বেড়ায় তাদের তুমি অগ্রাহ্য কর। 5:6 যারা মিথ্যা কথা বলে তাদের তুমি ধ্বংস কর; যাদের মধ্যে খুনীর এবং ছলনাকারীর মনোভাব রয়েছে মাবুদ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। 5:7 কিন্তু আমি তোমার অসীম মমতার দরুন তোমার ঘরে ঢুকব, তোমার পবিত্র বাসস্থানের দিকে চেয়ে ভয়ের সংগে আমার মাথা নীচু করব। 5:8 হে মাবুদ, আমার অনেক শত্রু রয়েছে বলে তোমার ন্যায়ের পথে তুমি আমাকে পরিচালনা কর; তোমার পথ আমার সামনে সোজা করে দাও। 5:9 আমার শত্রুদের কোন কথা বিশ্বাস করা যায় না, ওদের অন্তরে আছে ধ্বংসের মনোভাব, ওদের মুখ যেন খোলা কবর, জিভ্‌ দিয়ে ওরা খোশামোদের কথা বলে। 5:10 হে আল্লাহ্‌, তুমি ওদের দোষী বলে ঘোষণা কর; ওদের কুমতলবে ওদেরই সর্বনাশ হোক। ওদের অসংখ্য অপরাধের জন্য তুমি ওদের তাড়িয়ে দাও, কারণ ওরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। 5:11 কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা আনন্দিত হোক, তারা আনন্দে চিরকাল কাওয়ালী করুক; তাদের তুমি রক্ষা কর, যেন তোমাকে যারা মহব্বত করে তারা তোমাকে নিয়েই আনন্দ লাভ করে। 5:12 হে মাবুদ, যারা তোমার ভক্ত তাদের উপর সত্যিই তোমার দোয়া রয়েছে; তোমার রহমত দিয়ে তুমি তাদের ঢালের মত করে ঘিরে রেখেছ।