Library · bn

Psalms 44

44:1 হে আল্লাহ্‌, অনেক অনেক দিন আগে আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা করেছ সেই সম্বন্ধে তাঁদের কথা আমরা নিজের কানে শুনেছি। 44:2 তুমি নিজের হাতে অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে সেই জায়গায় আমাদের পূর্বপুরুষদের বসিয়েছিলে; তুমি সেই সব লোকদের উপর সর্বনাশ এনেছিলে আর আমাদের পূর্বপুরুষদের বেড়ে উঠতে দিয়েছিলে। 44:3 তাঁরা নিজেদের তলোয়ার দিয়ে এই দেশ দখল করেন নি, নিজেদের শক্তিতে জয়লাভও করেন নি; তোমার শক্তি, জ্বী, তোমার মহাশক্তি, আর তোমার উপস্থিতির মহিমাই তা করেছিল, কারণ তাঁদের উপর তোমার রহমত ছিল। 44:4 হে আল্লাহ্‌, তুমিই আমার বাদশাহ্‌; ইয়াকুবের জয়ের ব্যবস্থা তুমিই কর। 44:5 আমাদের শত্রুদের আমরা তোমারই শক্তিতে পিছু হটাব; যারা আমাদের বিরুদ্ধে উঠবে তোমার জোরেই তাদের পায়ে মাড়াব। 44:6 আমার ধনুকের উপর আমি ভরসা করি না, আমার তলোয়ার আমাকে জয় দান করতে পারে না; 44:7 কিন্তু তুমিই শত্রুদের উপর আমাদের জয়ী করেছ, আমাদের বিপক্ষদের লজ্জায় ফেলেছ। 44:8 আল্লাহ্‌কে নিয়েই আমরা সব সময় গর্ব করে এসেছি; চিরকাল আমরা তোমার প্রশংসা করব। [সেলা] 44:9 কিন্তু এখন তুমি আমাদের ত্যাগ করেছ আর লজ্জায় ফেলেছ; যুদ্ধের সময় আমাদের সৈন্যদলের সংগে তুমি আর থাক না। 44:10 শত্রুদের সামনে থেকে তুমি আমাদের পিছিয়ে আসতে বাধ্য করেছ; আমাদের বিপক্ষেরা আমাদের লুট করেছে। 44:11 জবাই করার ভেড়ার মত করে তাদের হাতে তুমি আমাদের তুলে দিয়েছ আর বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছ। 44:12 প্রায় বিনামূল্যেই তোমার বান্দাদের তুমি বিক্রি করে দিয়েছ; এতে তোমার কি লাভ হয়েছে? 44:13 প্রতিবেশী জাতিদের কাছে তুমি আমাদের নিন্দার পাত্র করে তুলেছ; চারপাশের লোকদের কাছে হাসি-তামাশার খোরাক করেছ। 44:14 অন্যান্য জাতির কাছে তুমি আমাদের নামকে টিট্‌কারির ভাষা করেছ; লোকেরা আমাদের দেখে মাথা নাড়ে। 44:15 যারা আমার নিন্দা ও বদনাম করে তাদের কথার জন্য, আর যে শত্রুরা আমার উপর প্রতিশোধ নেবার জন্য বসে আছে তাদের জন্য, একটা অপমানবোধ সব সময় আমার মনে লেগেই আছে; আমি লজ্জায় ডুবে আছি। 44:17 এ সবই আমাদের উপর ঘটেছে, তবুও যে আমরা তোমাকে ভুলে গেছি তা নয়; তোমার ব্যবস্থার প্রতি যে একেবারে বেঈমানী করেছি তা-ও নয়। 44:18 তোমার দিক থেকে আমাদের অন্তর ফিরে যায় নি; তোমার পথ থেকে আমাদের পা সরে যায় নি। 44:19 কিন্তু তবুও তুমি এমন এক জায়গায় আমাদের চুরমার করেছ যেখানে শিয়ালের আনাগোনা; ঘন অন্ধকারে আমাদের ঢেকে রেখেছ। 44:20 আমাদের আল্লাহ্‌কে যদি আমরা ভুলে গিয়ে থাকি, যদি হাত বাড়িয়ে থাকি কোন দেবতার কাছে, 44:21 তবে আল্লাহ্‌ কি তা জানতেন না? তিনি তো আমাদের দিলের গোপন সব কিছুই জানেন। 44:22 কিন্তু তবুও তোমার জন্যই সব সময় আমাদের কাউকে না কাউকে হত্যা করা হচ্ছে, জবাই করার ভেড়ার মতই লোকে আমাদের মনে করে। 44:23 হে মালিক, জাগো, কেন তুমি ঘুমা"ছ? ওঠো, চিরকালের জন্য আমাদের ত্যাগ কোরো না। 44:24 কেন তোমার মুখ তুমি ফিরিয়ে রেখেছ? আমাদের দুঃখ ও জুলুমের কথা কেন ভুলে গেছ? 44:25 আমরা ধুলায় লুটিয়ে পড়েছি; আমাদের শরীর মাটিতে গড়াগড়ি যাচ্ছে। 44:26 তুমি এস, আমাদের সাহায্য কর; তোমার অটল মহব্বত অনুসারে তুমি আমাদের মুক্ত কর।