Library · bn

Psalms 45

45:1 আমার অন্তর সুন্দর ভাবধারায় ভরে উঠছে; বাদশাহ্‌র উদ্দেশে আমার কবিতা বেরিয়ে আসছে; আমার জিভ্‌ পাকা লেখকের লেখনী হয়ে উঠছে। 45:2 মানুষের মধ্যে তুমি পরম সুন্দর; তোমার দু’টি ঠোঁট কথার মধুতে ভেজা; আল্লাহ্‌র চিরকালের দোয়া তোমার উপর ঝরে পড়ছে। 45:3 হে বীর, তোমার কোমরে তলোয়ার বেঁধে নাও; গৌরব ও মহিমার সাজে তুমি সেজে নাও। 45:4 সত্য, নম্রতা আর ন্যায়ের পক্ষে তুমি নিজের মহিমায় বিজয়ীর মত যাত্রা কর; তোমার ডান হাত ভয়-জাগানো মহান কাজ করুক। 45:5 বাদশাহ্‌র শত্রুদের বুকে তোমার ধারালো তীর বিঁধে যায়; তোমার শত্রুজাতি তোমার পায়ের তলায় পড়ে। 45:6 হে আল্লাহ্‌, তোমার সিংহাসন চিরস্থায়ী; তোমার শাসন ন্যায়ের শাসন। 45:7 তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর; সেজন্য আল্লাহ্‌, তোমার আল্লাহ্‌, তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন। 45:8 গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধে তোমার রাজপোশাক খোশবুযুক্ত হয়েছে; হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজে তা তোমাকে আনন্দ দেয়। 45:9 তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন, আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজে তোমার ডান দিকে রয়েছেন। 45:10 হে কন্যা, শোন, মন দাও, কান খাড়া কর। তোমার লোকদের তুমি ভুলে যাও, ভুলে যাও তোমার পিতার বাড়ীর কথা। 45:11 তাহলে বাদশাহ্‌ তোমার সৌন্দর্যে ধরা দেবেন; তিনিই তোমার প্রভু, তাঁকে পায়ে ধরে সালাম কর। 45:12 টায়ার শহরের লোকেরা উপহার নিয়ে আসবে; খুব ধনী লোকেরা তোমার রহমত চাইবে। 45:13 রাজবাড়ীতে রাজ-কনেকে চমৎকার দেখাবে; তাঁর পোশাকে সোনার সুতা বোনা রয়েছে। 45:14 নক্‌শা তোলা পোশাকে তাঁকে বাদশাহ্‌র কাছে নিয়ে যাওয়া হবে; তাঁর পিছে থাকা অবিবাহিতা সংগিনীদেরও তোমার কাছে নিয়ে যাওয়া হবে। 45:15 আনন্দ ও উৎসব করতে করতে তাঁদের নিয়ে যাওয়া হবে; তাঁরা রাজবাড়ীতে গিয়ে ঢুকবেন। 45:16 তোমার পূর্বপুরুষদের জায়গা তোমার ছেলেরা নেবে; মানুষের মধ্যে তুমি তাদের শাসনকর্তা করবে। 45:17 বংশের পর বংশে আমি তোমার নাম বাঁচিয়ে রাখব; সেইজন্য বিভিন্ন জাতি যুগের পর যুগ তোমার প্রশংসা করবে।