Library · bn

Psalms 52

52:1 ওহে শক্তিশালী যোদ্ধা, কেন তুমি খারাপ বিষয় নিয়ে গর্ব করছ? আল্লাহ্‌র অটল মহব্বতের তো শেষ নেই। 52:2 তোমার জিভ্‌ দিয়ে ধ্বংসের পরিকল্পনার কথা বেরিয়ে আসছে; হে ছলনাকারী, তোমার জিভ্‌ যেন শান দেওয়া ক্ষুর। 52:3 তুমি ভালোর চেয়ে খারাপী ভালবাস, আর ভালবাস সত্যের চেয়ে মিথ্যা কথা বলা। [সেলা] 52:4 ওহে ছলনাকারী জিভ্‌, যে কথা ধ্বংস আনে তুমি তা-ই পছন্দ কর। 52:5 কিন্তু আল্লাহ্‌ তোমাকে চিরদিনের জন্য ধ্বংস করবেন; তিনি তোমাকে টেনে আনবেন, তোমার তাম্বু থেকে ছিনিয়ে আনবেন, জীবিতদের দেশ থেকে তোমাকে উপ্‌ড়ে ফেলবেন। [সেলা] 52:6 এ সব দেখে আল্লাহ্‌ভক্তদের প্রাণে ভয় জাগবে; তারা তোমাকে ঠাট্টা করে বলবে, 52:7 “ঐ দেখ, ঐ লোকটি আল্লাহ্‌কে তার আশ্রয়-কেল্লা করে নি; তার প্রচুর ধন-সম্পদের উপর সে ভরসা করেছে আর খারাপ কামনা-বাসনার শক্তি দিয়ে নিজেকে শক্তিশালী করেছে।” 52:8 কিন্তু আমি আল্লাহ্‌র ঘরে বাড়তে থাকা জলপাই গাছের মত; আমি সব সময় আল্লাহ্‌র অটল মহব্বতের উপর ভরসা করে থাকি। 52:9 তুমি যা করেছ তার জন্য চিরকাল আমি তোমার প্রশংসা করব; তুমি মেহেরবান বলে তোমার ভক্তদের সামনে আমি তোমার অপেক্ষায় থাকব।