Psalms 53
53:1 যাদের বিবেক অসাড় তারা ভাবে আল্লাহ্ বলে কেউ নেই। তাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাদের কাজ জঘন্য; ভাল কাজ করে এমন কেউ নেই।
53:2 আল্লাহ্ বেহেশত থেকে নীচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন; দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, কেউ আল্লাহ্র ইচ্ছামত চলে কিনা।
53:3 তিনি দেখলেন সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসংগে খারাপ হয়ে গেছে; ভাল কাজ করে এমন কেউ নেই, একজনও নেই।
53:4 যারা খারাপ কাজ করে বেড়ায় তারা কি এতই অবুঝ? লোকে যেমন করে খাবার খায় তেমনি করেই তারা আমার লোকদের খেয়ে ফেলে; তারা আল্লাহ্কে ডাকে না।
53:5 তোমার আক্রমণকারীদের হাড়গোড় তিনি ছড়িয়ে রেখেছেন; আগে তাদের ভয় ছিল না, তবুও তারা এখন ভীষণ ভয় পেল; আল্লাহ্ তাদের বাতিল করেছেন, তাই তুমি তাদের লজ্জায় ফেলেছ।
53:6 বনি-ইসরাইলদের উদ্ধার সিয়োনের মধ্য থেকে আসুক। আল্লাহ্ যখন তাঁর বান্দাদের অবস্থা ফিরাবেন তখন ইয়াকুবের বংশ আনন্দ করবে- বনি-ইসরাইলরা খুশী হবে।