Psalms 58
58:1 হে বিচারকেরা, আপনারা যে চুপ করে আছেন এটা কি ন্যায়বিচার হচ্ছে? ন্যায়ভাবে কি আপনারা লোকদের বিচার করছেন?
58:2 না, আপনাদের মনে রয়েছে অন্যায় করার চিন্তা; বিচারের দাঁড়িপাল্লা দিয়ে দুনিয়াতে আপনারা জুলুম মেপে দিচ্ছেন।
58:3 জন্ম থেকেই দুষ্টেরা বিপথে যায়; যারা মিথ্যা কথা বলে, জন্ম থেকেই তারা কুপথে থাকে।
58:4 সাপের বিষের মতই তাদের বিষ; তারা যেন বধির গোখরো সাপ যে নিজেই কান বন্ধ করে রেখেছে।
58:5 সেই সাপ মন্ত্র-পড়া সাপুড়েদের স্বর শোনে না, তা সে যত ওস্তাদ সাপুড়েই হোক না কেন।
58:6 হে আল্লাহ্, তুমি দুষ্টদের দাঁত তাদের মুখের মধ্যেই ভেংগে ফেল; হে মাবুদ, ঐ সব যুব সিংহদের ধারালো দাঁত তুমি ভেংগে ফেল।
58:7 ব’য়ে যাওয়া পানির মতই তারা অদৃশ্য হয়ে যাক; তাদের ধনুকে টান দেওয়া তীরের ফলাগুলো ভেংগে পড়ুক।
58:8 শামুক যেমন চলতে চলতে অদৃশ্য হয়ে যায় তেমনি তারাও অদৃশ্য হয়ে যাক; তারা যেন মায়ের গর্ভে মৃত শিশুদের মত হয় যারা আলো দেখতে পায় না।
58:9 তোমাদের পাত্রে আগুনের আঁচ লাগবার আগেই শুকনা ও কাঁচা কাঁটার জ্বালানিগুলো তিনি ঝড়ে উড়িয়ে দেবেন।
58:10 তাদের উপরে প্রতিশোধ নেওয়া হলে আল্লাহ্ভক্তেরা খুশী হবে; তারা দুষ্টদের রক্তে পা ধোবে।
58:11 তা দেখে লোকে বলবে, “আল্লাহ্ভক্তের জীবনে সত্যিই পুরস্কার আছে; সত্যিই একজন আল্লাহ্ আছেন যিনি দুষ্টদের দুনিয়াতে বেঁচে থাকার সময়েই বিচার করেন।”