Psalms 59
59:1 হে আল্লাহ্, আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর; আমার বিপক্ষদের কাছ থেকে তুমি আমাকে উঁচুতে তাদের নাগালের বাইরে তুলে রাখ।
59:2 যারা খারাপ কাজ করে বেড়ায় তাদের হাত থেকে আমাকে উদ্ধার কর; খুনীদের হাত থেকে আমাকে বাঁচাও।
59:3 তারা আমার জন্য ওৎ পেতে আছে, ভয়ংকর লোকেরা আমার উপর হামলা শুরু করেছে; হে মাবুদ, তা আমার কোন অন্যায় বা গুনাহের জন্য নয়।
59:4 আমি কোন দোষ করি নি, তবুও তারা ছুটে এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার সাহায্যের জন্য তুমি উঠে এস, আমার বিপদ দেখ।
59:5 হে মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন, ইসরাইলের আল্লাহ্, তুমি সমস্ত জাতিকে শাস্তি দেবার জন্য ওঠো; দুষ্ট বেঈমানদের প্রতি তুমি কোন দয়া দেখিয়ো না। [সেলা]
59:6 তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে, আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
59:7 দেখ, তারা মুখ দিয়ে কি সব কথা বের করছে, তাদের ঠোঁট থেকে যেন তলোয়ার বের হচ্ছে; তারা বলছে, “আমাদের কথা কেউ শুনতে পাবে না।”
59:8 কিন্তু হে মাবুদ, তাদের দেখে তুমি হাসছ আর সেই সব জাতিকে বিদ্রূপ করছ।
59:9 তারা শক্তিশালী বলে আমি তোমার অপেক্ষায় থাকব, কারণ হে আল্লাহ্, তুমিই আমার কেল্লা।
59:10 আল্লাহ্ তাঁর অটল মহব্বতের জন্য আমার কাছে আসবেন, আমার শত্রুদের পরাজয় আমাকে দেখতে দেবেন।
59:11 হে মালিক, আমাদের ঢাল, আমার শত্রুদের তুমি মেরে ফেলো না, তাহলে আমার লোকদের এ সব মনে থাকবে না। তুমি বরং তোমার শক্তিতে তাদের এমন কর যাতে তারা এখান্তেসেখানে ঘুরে বেড়ায়; তুমি তাদের পরাজিত কর।
59:12 তাদের মুখের গুনাহে আর ঠোঁটের কথায় যে বদদোয়া ও মিথ্যা রয়েছে, তার দরুন তাদের অহংকারে তারা ধরা পড়ুক।
59:13 তুমি রাগে তাদের ধ্বংস কর, ধ্বংস কর যাতে তারা আর না থাকে; এতে দুনিয়ার শেষ সীমা পর্যন্ত সবাই জানবে, আল্লাহ্ ইয়াকুবের বংশের উপরে রাজত্ব করেন। [সেলা]
59:14 তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে, আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।
59:15 তারা খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়; পেট না ভরলে তারা সারা রাতই জেগে কাটায়।
59:16 কিন্তু আমি তোমার শক্তির বিষয়ে কাওয়ালী গাইব, আর সকালে আনন্দে তোমার অটল মহব্বতের কাওয়ালী গাইব; কারণ তুমিই আমার কেল্লা, বিপদ কালের আশ্রয়-স্থান।
59:17 হে আল্লাহ্, আমার শক্তি, আমি তোমার উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাইব। তুমিই আমার কেল্লা; তুমিই সেই আল্লাহ্, আমার জন্য যাঁর অটল মহব্বত আছে।