Psalms 60
60:1 হে আল্লাহ্, তুমি আমাদের অগ্রাহ্য করেছ, আমাদের চুরমার করেছ; তুমি রেগে গিয়েছ, কিন্তু এবার তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন।
60:2 তুমি দেশের উপর ভূমিকমপ এনেছ, ফাটল ধরিয়েছ; তুমি তার ফাটল বন্ধ কর, কারণ দেশ টলছে।
60:3 তোমার বান্দাদের তুমি দুর্দিন দেখিয়েছ; তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছ যার দরুন আমরা মাতালের মত হাঁটছি।
60:4 যারা তোমাকে ভয় করে তাদের তুমি একটা নিশান দিয়েছ, যাতে তা তুলে ধরা যায় সত্যের পক্ষে। [সেলা]
60:5 তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর; আমার ডাকে সাড়া দাও যেন তুমি যাদের মহব্বত কর তারা উদ্ধার পায়।
60:6 আল্লাহ্ তাঁর পবিত্রতার নাম করে বলেছেন, “আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব, সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।
60:7 গিলিয়দ আমার, মানশাও আমার; আফরাহীম যেন আমার মাথার লোহার টুপী, আর এহুদা আমার রাজদণ্ড।
60:8 মোয়াব আমার পা ধোয়ার পাত্র; আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব; আর ফিলিস্তীন, আমার জন্য তুমি চিৎকার করে ওঠো।”
60:9 কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত? কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?
60:10 হে আল্লাহ্, তুমি কি আমাদের বাতিল কর নি? আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।
60:11 হে আল্লাহ্, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর, কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।
60:12 আল্লাহ্র সাহায্যে আমরা জয়লাভ করব; আমাদের শত্রুদের তিনিই পায়ে মাড়াবেন।