Psalms 77
77:1 আমি চিৎকার করে আল্লাহ্র কাছে কাঁদছি; আমি আল্লাহ্র কাছে চিৎকার করছি যেন তিনি তা শুনে জবাব দেন।
77:2 বিপদের দিনে আমি মালিককে ডাকলাম; রাতের বেলা আমার হাত দু’টা আল্লাহ্র দিকে বাড়ানোই থাকত, আমি ক্লান্ত হতাম না; আমার অন্তর সান্ত্বনা পেত না।
77:3 আমি যখন আল্লাহ্র কথা ভাবতাম তখন দুঃখে কোঁকাতাম; ভাবতে ভাবতে আমি নিরাশ হয়ে পড়তাম। [সেলা]
77:4 তুমিই আমার চোখের পাতা খোলা রাখতে; আমি খুব অস্থির হয়ে পড়তাম, তাই কথাও বলতে পারতাম না।
77:5 অনেক পুরানো দিনের কথা আমি ভাবতাম, ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা।
77:6 রাতের বেলায় আমার সব কাওয়ালীর কথা আমার মনে পড়ত; আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতাম আর মনে মনে প্রশ্ন করতাম-
77:7 মালিক কি চিরদিনের জন্য আমাদের ত্যাগ করেছেন? তিনি কি আমাদের আর কখনও রহমত করবেন না?
77:8 তাঁর অটল মহব্বত কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল? তাঁর ওয়াদাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?
77:9 আল্লাহ্ কি রহমত করতে ভুলে গেলেন? তিনি কি রাগে তাঁর মমতা বন্ধ করে দিলেন? [সেলা]
77:10 আমি বললাম, “এটাই আমার দুঃখ যে, আল্লাহ্তা’লার ডান হাতখানা বদলে গেছে।”
77:11 মাবুদের সব কাজের কথা আমি মনে করব; হ্যাঁ, মনে করব পুরানো দিনে তোমার করা কুদরতি কাজের কথা।
77:12 তোমার সমস্ত কাজের বিষয়ে আমি ধ্যান করব; তোমার সব কাজের কথা ভেবে দেখব।
77:13 হে আল্লাহ্, তোমার চলার পথ পবিত্র; আমাদের আল্লাহ্র মত মহান কি কোন দেবতা আছে?
77:14 তুমিই সেই আল্লাহ্ যিনি কুদরতি দেখিয়ে থাকেন; সব জাতির মধ্যে তোমার শক্তির পরিচয় তুমি দিয়েছ।
77:15 তুমি তোমার বান্দা ইয়াকুব ও ইউসুফের বংশধরদের তোমার শক্ত হাতে মুক্ত করেছ। [সেলা]
77:16 হে আল্লাহ্, সাগরের পানি তোমাকে দেখেছিল; তোমাকে দেখে পানি অস্থির হয়ে উঠল, তার গভীর তলা পর্যন্ত কেঁপে উঠল।
77:17 মেঘ পানি ঢেলে দিল, আকাশে বাজের গর্জন হল; তোমার বিদ্যুতের তীর এখানে ওখানে চম্কাতে লাগল।
77:18 ঘূর্ণিঝড়ে তোমার বাজের শব্দ শোনা গেল, তোমার বিদ্যুতের ঝলক্ দুনিয়া আলোময় করল; দুনিয়া কাঁপল ও টলমল করে উঠল।
77:19 সাগরের মধ্য দিয়ে তুমি পথ করে দিলে, গভীর পানির মধ্য দিয়ে তুমি পথ করে দিলে, কিন্তু তোমার পায়ের চিহ্ন সেখানে দেখা যায় নি।
77:20 মূসা ও হারুনকে দিয়ে ভেড়ার পালের মত করে তুমি তোমার বান্দাদের চালিয়ে নিয়ে গিয়েছিলে।