Psalms 78
78:1 হে আমার জাতির লোকেরা, আমার উপদেশ শোন; আমার মুখের কথায় কান দাও।
78:2 শিক্ষা-ভরা উদাহরণের মধ্য দিয়ে আমি মুখ খুলব; আমি পুরানো দিনের গভীর বিষয় নিয়ে কথা বলব।
78:3 এই সব কথা আমরা শুনেছি আর জেনেছি, আমাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে বলে গেছেন।
78:4 তাঁদের বংশধরদের কাছে আমরা তা গোপন রাখব না; আমরা পরের বংশধরদের কাছে মাবুদের গৌরবপূর্ণ কাজের কথা বলব; তাঁর শক্তির কথা আর তিনি যে সব কুদরতি দেখিয়েছেন সেই সব কথা বলব।
78:5 তিনি ইয়াকুবের বংশের উপর তাঁর হুকুম জারি করেছেন, ইসরাইল জাতির জন্য তাঁর শরীয়ত স্থাপন করেছেন; সেই শরীয়ত তাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতে তিনি আমাদের পূর্বপুরুষদের হুকুম দিয়েছেন,
78:6 যাতে পরের বংশধরেরা, যারা এখনও জন্মগ্রহণ করে নি তারা সেগুলো জানতে পারে আর তাদের সন্তানদের কাছে তা বলতে পারে।
78:7 তাহলে তারা আল্লাহ্র উপরে ভরসা করবে; তাঁর কাজগুলো তারা ভুলে যাবে না বরং তাঁর হুকুমগুলো পালন করবে।
78:8 এতে তাদের পূর্বপুরুষদের মত তারা একগুঁয়ে ও বিদ্রোহী হবে না; সেই পূর্বপুরুষদের অন্তর আল্লাহ্র প্রতি অটল ছিল না আর মনও বিশ্বস্ত ছিল না।
78:9 আফরাহীমের লোকেরা ধনুকধারী হলেও যুদ্ধের দিনে পিছু হটে গিয়েছিল।
78:10 তারা আল্লাহ্র ব্যবস্থা পালন করে নি, তাঁর শরীয়ত মতে চলতে তারা অস্বীকার করেছিল।
78:11 তিনি যে কি করেছিলেন তা তারা ভুলে গিয়েছিল, ভুলে গিয়েছিল তাঁর অলৌকিক কাজের কথা যা তিনি তাদের দেখিয়েছিলেন।
78:12 বনি-ইসরাইলদের পূর্বপুরুষদের চোখের সামনে তিনি অলৌকিক চিহ্ন দেখিয়েছিলেন; মিসরে ও সোয়ন এলাকায় তিনি তা দেখিয়েছিলেন।
78:13 তিনি সাগর দু’ভাগ করে তার মধ্য দিয়ে তাদের নিয়ে গিয়েছিলেন; তিনি পানিকে ঢিবির মত করে দাঁড় করিয়েছিলেন।
78:14 দিনে মেঘ দিয়ে আর সারা রাত আগুনের আলো দিয়ে তিনি তাদের পথ দেখিয়েছিলেন।
78:15 মরুভূমিতে পাথর ফাটিয়ে মাটির নীচের পানি থেকে তিনি তাদের অনেক খাবার পানি দিলেন।
78:16 পাহাড়ের মত পাথর থেকে তিনি পানির স্রোত বের করে আনলেন; সেই পানি তিনি নদীর মত করে বইয়ে দিলেন।
78:17 কিন্তু তারা তাঁর বিরুদ্ধে গুনাহ্ করতেই থাকল; আল্লাহ্তা’লার বিরুদ্ধে মরুভূমিতে বিদ্রোহ করল।
78:18 তাদের ইচ্ছামত খাবার দাবি করে মনে মনে তারা আল্লাহ্কে পরীক্ষা করল।
78:19 তারা আল্লাহ্র বিরুদ্ধে এই কথা বলল, “আল্লাহ্ কি মরুভূমিতে খাবার দিয়ে টেবিল সাজাতে পারেন?
78:20 তিনি পাথরে আঘাত করলেন আর তা থেকে উপ্চে পড়া পানির স্রোত বেরিয়ে আসল; তাই বলে কি তিনি আমাদের রুটিও দিতে পারেন? তিনি কি তাঁর বান্দাদের জন্য গোশ্ত যোগাতে পারেন?”
78:21 এ কথা শুনে মাবুদ রাগে জ্বলে উঠলেন। ইয়াকুবের বিরুদ্ধে তাঁর অন্তরে আগুন জ্বলে উঠল, ইসরাইলের বিরুদ্ধে তাঁর গজব জেগে উঠল;
78:22 কারণ আল্লাহ্র উপরে তারা ঈমান আনে নি; তিনি যে তাদের উদ্ধার করবেন সেই কথায় তারা ভরসা করে নি।
78:23 তবুও তিনি উপরে আকাশকে হুকুম দিলেন আর আসমানের দরজা খুলে দিলেন।
78:24 লোকদের খাবার জন্য তিনি বৃষ্টির মত করে মান্না দিলেন, বেহেশতের শস্য তাদের দিলেন।
78:25 ফেরেশতার খাবার মানুষ খেল; তারা যত খেতে পারে তত খাবার জিনিসই তিনি তাদের পাঠিয়ে দিলেন।
78:26 তিনি আকাশ থেকে পূবের বাতাস বহালেন; তিনি নিজের শক্তিতে দক্ষিণের বাতাসকে চালালেন।
78:27 তিনি ধূলিকণার মত গোশ্তের বৃষ্টি দিলেন, সাগর পারের বালুকণার মত পাখীর বৃষ্টি দিলেন।
78:28 তাদের ছাউনি-এলাকায়, তাদের তাম্বুর চারপাশে তিনি সেগুলোকে পড়তে দিলেন।
78:29 তারা পেট ভরে তা খেল; তারা যা চেয়েছিল তাদের তিনি তা-ই দিলেন।
78:30 যে খাবার তারা খেতে চেয়েছিল তা খাওয়া শেষ না হতেই, এমন কি, তা তাদের মুখে থাকতেই
78:31 আল্লাহ্র রাগ তাদের বিরুদ্ধে জেগে উঠল। তাদের কিছু শক্তিশালী যুবকদের তিনি মেরে ফেললেন; ইসরাইলের সেরা লোকদের তিনি তাঁর অধীনে আনলেন।
78:32 তবুও তারা গুনাহ্ করতেই থাকল, তাঁর কুদরতি দেখেও তাঁর উপর ঈমান আনল না।
78:33 তাই তিনি তাদের দিনগুলো বিফলতায় শেষ করে দিলেন আর বছরগুলো শেষ করে দিলেন ভয়ের মধ্য দিয়ে।
78:34 তিনি তাদের মেরে ফেলার পর বাকী লোকেরা তাঁর কথা মনে করল; তারা আবার তাঁর দিকে ফিরে আগ্রহের সংগে তাঁকে ডাকল।
78:35 তাদের মনে পড়ল আল্লাহ্ তাদের আশ্রয়-পাহাড়, আল্লাহ্তা’লা তাদের মুক্তিদাতা।
78:36 কিন্তু তারা তখন মুখ দিয়ে ছলনা করল, জিভ্ দিয়ে তাঁর কাছে মিথ্যা কথা বলল।
78:37 তাদের অন্তর তাঁর প্রতি স্থির ছিল না; তাঁর ব্যবস্থার প্রতি তারা বিশ্বস্ত ছিল না।
78:38 তবুও তিনি মমতায় পূর্ণ বলে তাদের অন্যায় মাফ করলেন, তাদের ধ্বংস করলেন না; তাঁর রাগ তিনি বার বার দমন করলেন, তাঁর সম্পূর্ণ ক্রোধ জ্বলে উঠল না।
78:39 তিনি ভেবে দেখলেন তারা মানুষ মাত্র, তারা বয়ে যাওয়া বাতাসের মত যা ফিরে আসে না।
78:40 মরুভূমিতে কতবার তাঁর বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে, সেই মরুভূমিতে কতবার তাঁকে দুঃখ দিয়েছে।
78:41 বার বার তারা আল্লাহ্কে পরীক্ষা করেছে, ইসরাইলের আল্লাহ্ পাককে কষ্ট দিয়েছে।
78:42 তারা তাঁর শক্তির কথা মনে রাখে নি; মনে রাখে নি সেই দিনের কথা- যেদিন তিনি শত্রুর হাত থেকে তাদের মুক্ত করেছিলেন,
78:43 যেদিন মিসরে তিনি চিহ্ন দেখিয়েছিলেন আর অলৌকিক চিহ্ন দেখিয়েছিলেন সোয়ন এলাকায়।
78:44 সেদিন তাদের সমস্ত নদীর পানি তিনি রক্ত করে দিয়েছিলেন আর সেই পানি তারা খেতে পারে নি।
78:45 তাদের মধ্যে তিনি ঝাঁকে ঝাঁকে পোকা পাঠালেন, সেগুলো তাদের যেন খেয়ে শেষ করে দিল। তিনি ব্যাঙের দল পাঠিয়ে দিলেন, সেগুলো তাদের সর্বনাশ করল।
78:46 তাদের শস্য তিনি ফড়িংকে দিলেন আর তাদের ফসল দিলেন পংগপালকে।
78:47 শিলাবৃষ্টি দিয়ে তাদের আংগুর লতা তিনি নষ্ট করে দিলেন; জমে যাওয়া শিশির দিয়ে ডুমুর গাছ নষ্ট করে দিলেন।
78:48 তিনি শিলাবৃষ্টির হাতে তাদের গরুর পাল তুলে দিলেন আর বাজ পড়ার হাতে তুলে দিলেন তাদের পশুর পাল।
78:49 তিনি তাদের বিরুদ্ধে তাঁর জ্বলন্ত উপ্চে পড়া ভীষণ রাগ আর দুঃখ-কষ্ট পাঠিয়ে দিলেন; সেগুলো হল ধ্বংসের কাজে নিযুক্ত একদল ফেরেশতা।
78:50 তাঁর গজব-নাজেল পথের বাধা তিনি দূর করে দিলেন; তিনি মৃত্যু থেকে তাদের রেহাই দেন নি বরং মহামারীর হাতে তাদের তুলে দিলেন।
78:51 তিনি মিসর দেশের প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আঘাত করলেন, আঘাত করলেন হাম-বংশের তাম্বুতে যৌবন শক্তির প্রত্যেকটি প্রথম ফলকে।
78:52 এর পর তাঁর বান্দাদের তিনি ভেড়ার মত করে বের করে আনলেন, আর মরুভূমির মধ্য দিয়ে ভেড়ার পালের মত করে তাদের পরিচালনা করলেন।
78:53 তিনি তাদের নিরাপদে নিয়ে আসলেন, তাদের কোন ভয় হল না; কিন্তু সাগর তাদের শত্রুদের গিলে ফেলল।
78:54 শেষ পর্যন্ত তিনি তাঁর পবিত্র দেশে তাদের নিয়ে আসলেন, নিয়ে আসলেন সেই পাহাড়ী দেশে যে দেশ তাঁর ডান হাতে তিনি দখল করেছিলেন।
78:55 তাদের সামনে থেকে অন্যান্য জাতিদের তিনি তাড়িয়ে দিলেন, আর সেই জাতিদের জায়গা-জমি তিনি জরীপ করে সম্পত্তি হিসাবে তাদের ভাগ করে দিলেন; তাদের ঘর-দুয়ারে ইসরাইলের গোষ্ঠীদের বাস করালেন।
78:56 কিন্তু তবুও তারা আল্লাহ্তা’লাকে পরীক্ষা করল আর তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করল; তাঁর হুকুম তারা পালন করল না।
78:57 তাদের পূর্বপুরুষদের মতই তারা ঠিক পথ থেকে সরে গিয়ে বেঈমানী করল; বেয়াড়া ধনুকের মতই তারা বেঁকে রইল।
78:58 তারা পাহাড়ের উপরকার বেদীগুলো ব্যবহার করে তাঁর রাগ জাগিয়ে তুলল; খোদাই-করা মূর্তি পূজা করে তাঁর পাওনা এবাদতের আগ্রহ বাড়িয়ে তুলল।
78:59 এ সব দেখে-শুনে আল্লাহ্ রাগ করলেন; তিনি ইসরাইলকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করলেন।
78:60 শীলোতে তাঁর যে আবাস-তাম্বু ছিল তা তিনি ছেড়ে গেলেন; এটা সেই তাম্বু যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন।
78:61 তাঁর কুদরতের চিহ্ন তিনি বন্দীদশায় পাঠালেন; তাঁর মহিমার চিহ্নটি তাঁর শত্রুদের হাতে দিলেন।
78:62 তাঁর বান্দাদের তিনি শত্রুর তলোয়ারের হাতে তুলে দিলেন; তাঁর নিজের লোকদের উপর তাঁর গজব নাজেল হল।
78:63 আগুন তাদের যুবকদের পুড়িয়ে ফেলল; তাদের অবিবাহিতা মেয়েদের জন্য বিয়ের গান হল না।
78:64 তলোয়ারের আঘাতে তাদের ইমামেরা মারা পড়ল; তাদের বিধবারা শোক প্রকাশ করতে পারল না। b
78:65 তারপর দীন-দুনিয়ার মালিক যেন ঘুম থেকে জাগলেন; তিনি আংগুর-রসের নেশা কাটিয়ে ওঠা বীরের মত করে জাগলেন।
78:66 তাঁর শত্রুদের তিনি পিছু হটিয়ে দিলেন; তাদের তিনি স্থায়ী অপমানের মধ্যে ফেললেন।
78:67 পরে তিনি ইউসুফ-বংশের এলাকা অগ্রাহ্য করলেন, আফরাহীম-গোষ্ঠীর এলাকা বেছে নিলেন না;
78:68 কিন্তু বেছে নিলেন এহুদা-গোষ্ঠীর এলাকা- সেই সিয়োন পাহাড় যাকে তিনি ভালবাসতেন।
78:69 সেখানে তাঁর পবিত্র ঘরটি তিনি উঁচু করে তৈরী করলেন, তা ছিল যেন আসমান ছোঁয়া; তিনি তা দুনিয়ার মত স্থায়ীভাবে স্থাপন করলেন।
78:70 তিনি তাঁর গোলাম দাউদকে বেছে নিলেন, নিলেন তাঁকে ভেড়ার খোঁয়াড় থেকে;
78:71 তাঁকে দুধ দেওয়া ভেড়ীদের দেখাশোনা করার কাজ থেকে নিয়ে আসলেন, যেন তিনি মালিকের বান্দাদের, অর্থাৎ ইয়াকুবের বংশকে, যারা তাঁর সম্পত্তি সেই ইসরাইল জাতিকে চরাতে পারেন।
78:72 দাউদ তাঁর দিলের সততা অনুসারে তাদের পালন করলেন; তিনি তাদের বুদ্ধি-বিবেচনার সংগে চালিয়ে নিলেন।