Psalms 79
79:1 হে আল্লাহ্, অন্য জাতিরা তোমার সম্পত্তি আক্রমণ করেছে, তারা সেখানে ঢুকে পড়েছে; তোমার পবিত্র ঘরটা তারা নাপাক করেছে; জেরুজালেমকে তারা ধ্বংসের স্তূপ করেছে।
79:2 তোমার গোলামদের লাশগুলো তারা আকাশের পাখীদের খেতে দিয়েছে; তোমার ভক্তদের লাশের গোশ্ত দুনিয়ার পশুদের দিয়েছে।
79:3 জেরুজালেমের চারদিকে তারা পানির মত করে তাদের রক্ত ঢেলে দিয়েছে; তাদের দাফন করবার কেউ নেই।
79:4 প্রতিবেশী জাতিদের কাছে আমরা নিন্দার পাত্র হয়েছি, আমাদের চারপাশের লোকদের কাছে হাসি-তামাশার খোরাক হয়েছি।
79:5 হে মাবুদ, আর কতকাল? তুমি কি চিরকালই রেগে থাকবে? আর কতদিন তোমার পাওনা এবাদত না পাওয়ার জ্বালা আগুনের মত জ্বলতে থাকবে?
79:6 যারা তোমাকে মেনে নেয় না সেই সব জাতির উপর তোমার গজব নাজেল কর, নাজেল কর সেই সব রাজ্যগুলোর উপর যারা তোমার এবাদত করে না;
79:7 কারণ তারাই ইয়াকুবের বংশকে যেন শেষ করে ফেলেছে, তার বাসস্থান ধ্বংস করেছে।
79:8 পূর্বপুরুষদের অন্যায় তুমি আমাদের বিরুদ্ধে ধোরো না; তুমি শীঘ্র তোমার মমতা আমাদের দেখাও, কারণ আমরা সব দিক থেকে কাতর হয়ে পড়েছি।
79:9 হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্, তোমার গৌরবের জন্য তুমি আমাদের সাহায্য কর; তোমার সুনাম রক্ষার জন্য আমাদের উদ্ধার কর আর আমাদের গুনাহ্ মাফ কর।
79:10 অন্য জাতিরা কেন বলবে, “কোথায় গেল ওদের আল্লাহ্?” তুমি আমাদের সামনেই তাদের জানিয়ে দাও যে, তোমার গোলামদের রক্তপাতের শোধ তুমি নেবেই।
79:11 বন্দীদের কাত্রানি তোমার কানে পৌঁছাক; যাদের উপর মৃত্যুর রায় দেওয়া হয়েছে তোমার মহাশক্তিতে তুমি তাদের বাঁচাও।
79:12 হে মালিক, আমাদের প্রতিবেশী জাতিরা যেভাবে তোমাকে গাল-মন্দ করেছে, তার সাতগুণ শাস্তি তুমি তাদের ফিরিয়ে দাও।
79:13 তাহলে আমরা, তোমার বান্দারা, যারা তোমার চারণ ভূমির ভেড়া, চিরকাল তোমাকে কৃতজ্ঞতা জানাব আর বংশের পর বংশ ধরে তোমার প্রশংসা করব।