Library · bn

Psalms 80

80:1 হে ইসরাইলের পালক, তুমি আমাদের কথায় কান দাও; তুমি ইউসুফের বংশকে ভেড়ার পালের মত করে চালিয়ে নি"ছ। তুমি কারুবীদের উপরে আছ, তোমার নূর তুমি ছড়িয়ে দাও। 80:2 তুমি আফরাহীম, বিন্‌ইয়ামীন ও মানশা-গোষ্ঠীর সামনে তোমার শক্তিকে জাগিয়ে তোল আর আমাদের উদ্ধার করতে এস। 80:3 হে আল্লাহ্‌, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও; তোমার রহমত আলোর মত করে আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাব। 80:4 হে মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন, তোমার বান্দাদের মুনাজাতে আর কতকাল তুমি রেগে থাকবে? 80:5 খাবার জিনিস হিসাবে তুমি চোখের পানি তাদের খেতে দিয়েছ আর প্রচুর চোখের পানি পান করিয়েছ। 80:6 তুমি এমন করেছ যাতে প্রতিবেশী জাতিরা আমাদের নিয়ে ঝগড়া-বিবাদ করে। আমাদের শত্রুরা আমাদের নিয়ে নিজেদের মধ্যে হাসি-তামাশার করে। 80:7 হে আল্লাহ্‌ রাব্বুল আলামীন, আমাদের তুমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও; তোমার রহমত আলোর মত করে আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাব। 80:8 তুমি একটা আংগুর লতার মত মিসর দেশ থেকে আমাদের আনলে; অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে তুমি সেটা লাগালে। 80:9 তুমি তার জন্য জমি পরিষ্কার করলে; তার শিকড় মাটিতে বসে সারা দেশ ছেয়ে গেল। 80:10 তার ছায়ায় পাহাড়-পর্বত ঢেকে গেল; তার ডালপালা বড় বড় এরস গাছগুলো ঢেকে ফেলল। 80:11 সাগর পর্যন্ত সে তার ডালপালা আর ফোরাত নদী পর্যন্ত তার নতুন নতুন ডাল ছড়িয়ে দিল। 80:12 কেন তার রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিলে, যার জন্য যারা তার পাশ দিয়ে যায় তারাই তার ফল ছেঁড়ে? 80:13 বনের শুয়োর এসে তা খেয়ে ফেলে; মাঠের প্রাণীরাও তা খায়। 80:14 হে আল্লাহ্‌ রাব্বুল আলামীন, তুমি ফিরে এস; বেহেশত থেকে তুমি চেয়ে দেখ আর এই আংগুর লতার দেখাশোনা কর, 80:15 যে চারাগাছকে তুমি নিজের হাতে লাগিয়েছ, যার ডাল তোমার নিজের জন্য তুমি শক্তিশালী করেছ; 80:16 সেই গাছ আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে; তোমার বান্দারা তোমার বকুনি খেয়ে শেষ হয়ে যাচ্ছে। 80:17 তোমার বেছে নেওয়া লোকের উপর তুমি হাত রাখ; হাত রাখ সেই মানুষের উপর যাকে তুমি নিজের জন্য শক্তিশালী করেছ। 80:18 তাহলে আমরা আর তোমার কাছ থেকে ফিরে যাব না; তুমি আবার আমাদের জীবিত করে তোল, আমরা তোমার এবাদত করব। 80:19 হে মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও; তোমার রহমত আলোর মত করে আমাদের উপর পড়ুক, আমরা তাতে উদ্ধার পাব।