Psalms 81
81:1 আল্লাহ্, যিনি আমাদের শক্তি, তোমরা তাঁর উদ্দেশে আনন্দের ধ্বনি কর; ইয়াকুবের আল্লাহ্র উদ্দেশে জয়ের ধ্বনি কর।
81:2 কাওয়ালী শুরু কর, খঞ্জনি বাজাও; বাজাও মধুর বীণা আর সুরবাহার।
81:3 আমাদের ঈদের দিন অমাবস্যায় আর পূর্ণিমায় শিংগা বাজাও;
81:4 ওটাই ইসরাইলের নিয়ম, ইয়াকুবের আল্লাহ্র আইন।
81:5 যখন তিনি শাস্তি দেবার জন্য মিসর দেশের বিরুদ্ধে বের হলেন তখন ইউসুফ-বংশের জন্য তিনি এই ঈদ সাক্ষ্য হিসাবে স্থাপন করলেন। আমি এমন একটা বাণী শুনলাম যা আগে বুঝি নি।
81:6 মাবুদ বললেন, “আমি তার কাঁধ থেকে বোঝা সরিয়ে দিলাম; ঝুড়ি বওয়া থেকে সে রেহাই পেল।
81:7 বিপদে পড়ে তুমি আমাকে ডাকলে আর আমি তোমাকে উদ্ধার করলাম; বাজ পড়ার শব্দের আড়াল থেকে আমি তোমাকে জবাব দিলাম; মরীবার পানির কাছে আমি তোমাকে পরীক্ষায় ফেললাম। [সেলা]
81:8 হে আমার বান্দারা, তোমরা আমার সাবধান বাণী শোন; হে বনি-ইসরাইলরা, আমার একান্ত ইচ্ছা যে, তোমরা আমার কথায় কান দাও।
81:9 কোন দেব-দেবী তোমাদের না থাকুক; অন্য কোন জাতির দেবতারও যেন তোমরা পূজা না কর।
81:10 আমিই আল্লাহ্, তোমাদের মাবুদ; আমিই মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। তোমরা বড় করে মুখ খোল, আমি তা ভরে দেব।
81:11 কিন্তু আমার বান্দারা আমার কথায় কান দিল না; ইসরাইল আমার বাধ্য হতে রাজী হল না।
81:12 সেইজন্য আমি তাদের একগুঁয়ে দিলের হাতেই ফেলে রাখলাম, যাতে তারা নিজেদের ইচ্ছামত চলে।
81:13 হায়, যদি আমার বান্দারা কেবল আমার বাধ্য থাকত, যদি ইসরাইল আমার পথে চলত,
81:14 তবে শীঘ্রই আমি তাদের শত্রুদের দমন করতাম, তাদের শত্রুদের বিরুদ্ধে আমার হাত তুলতাম।
81:15 “শত্রুরা আমার সামনে নত হতে বাধ্য হবে, তাদের শাস্তি হবে চিরকাল স্থায়ী।
81:16 কিন্তু ইসরাইলকে আমি সবচেয়ে ভাল গম খেতে দেব; সত্যিই আমি তাদের তৃপ্ত করব সেই মধু দিয়ে যা পাহাড়ের ফাটলে পাওয়া যায়।”