Psalms 82
82:1 আল্লাহ্ তাঁর বিচার-সভার মধ্যে দাঁড়িয়েছেন; তিনি শাসনকর্তাদের মাঝখানে থেকে তাদের বিচার করে হুকুম দিচ্ছেন:
82:2 “আর কতকাল তোমরা অন্যায়ের শাসন চালাবে? কতকাল দুষ্টদের পক্ষে থাকবে? [সেলা]
82:3 তোমরা গরীব ও এতিমদের প্রতি ন্যায়বিচার কর, দুঃখী ও অভাবীদের ন্যায্য অধিকার রক্ষা কর,
82:4 গরীব ও কাংগালদের বাঁচাও; দুষ্টদের হাত থেকে তাদের রক্ষা কর।”
82:5 শাসনকর্তাদের জ্ঞান ও বিচারবুদ্ধি বলে কিছু নেই, তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে; দুনিয়া-সংসারের সব ভিত্তি টলমল করছে।
82:6 আমি বলেছিলাম, “তোমরা যেন আল্লাহ্, তোমরা সবাই আল্লাহ্তা’লার সন্তান।
82:7 কিন্তু তবুও তোমরা মানুষের মতই মরবে; অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।”
82:8 হে আল্লাহ্, তুমি ওঠো, দুনিয়ার বিচার কর, কারণ সমস্ত জাতিই তোমার অধিকারে আছে।