Library · bn

Psalms 83

83:1 হে আল্লাহ্‌, তুমি চুপ করে বসে থেকো না; হে আল্লাহ্‌, তুমি মুখ বন্ধ করে রেখো না, সাড়া দাও। 83:2 দেখ, কেমন করে তোমার শত্রুরা গর্জন করছে আর যারা তোমাকে ঘৃণা করে তারা গর্বের সংগে মাথা উঁচু করেছে। 83:3 তোমার বান্দাদের বিরুদ্ধে তারা পরামর্শ করছে, তুমি যাদের রক্ষা করছ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 83:4 তারা বলছে, “চল, আমরা জাতি হিসাবে ওদের শেষ করে দিই, যেন ইসরাইলের নাম আর কারও মনে না থাকে।” 83:5 তারা এক হয়ে ষড়যন্ত্র করছে; যারা তোমার বিরুদ্ধে চুক্তি করেছে তারা হল- 83:6 তাম্বুবাসী ইদোমীয়রা, ইসমাইলীয়রা, মোয়াবীয়রা ও হাজেরীয়রা, 83:7 গবালীয়রা, অম্মোনীয়রা, আমালেকীয়রা আর টায়ার-বাসীদের সংগে ফিলিস্তিনীরা; 83:8 এমন কি, আশেরিয়রাও তাদের সংগে যোগ দিয়েছে আর লুতের বংশধরদের ডান হাত হয়েছে। [সেলা] 83:9 তুমি মাদিয়ানীয়দের প্রতি যা করেছিলে, কীশোন নদীর ধারে সীষরা আর যাবীনের প্রতি যা করেছিলে, এদের প্রতি তা-ই কর। 83:10 সীষরা আর যাবীন ঐন্‌দোরে ধ্বংস হয়ে গিয়েছিল; তারা জমির উপরে গোবরের মত পড়ে ছিল। 83:11 তাদের উঁচু পদের লোকদের দশা তুমি ওরেব ও সেবের মত কর; তাদের সব শাসনকর্তাদের দশা সেবহ ও সল্‌মুন্নের মত কর। 83:12 ঐ সব শত্রুরা বলেছিল, “এস, আমরা আল্লাহ্‌র দেওয়া দেশটা দখল করে নিই।” 83:13 হে আমার আল্লাহ্‌, তুমি তাদের বাতাসে উড়ে যাওয়া শুকনা গাছের মত কর, বাতাসের মুখে তুষের মত কর। 83:14 বনে আগুন লাগলে যেমন গাছের পর গাছ পুড়িয়ে দেয় আর আগুনের শিখা পাহাড়ের পর পাহাড় জ্বালিয়ে দেয়, 83:15 তেমনি করে তোমার ঝড় দিয়ে তুমি তাদের তাড়া কর; তোমার ভয়ংকর ঝড় দিয়ে ভীষণ ভয় ধরিয়ে দাও। 83:16 তুমি লজ্জা দিয়ে তাদের মুখ ঢেকে দাও, যাতে হে মাবুদ, তারা তোমাকে ডাকে। 83:17 তারা চিরকালের জন্য লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক; তারা অসম্মানের সংগে ধ্বংস হয়ে যাক। 83:18 তারা যেন জানতে পারে যে, তোমার নাম মাবুদ, হ্যাঁ, কেবল তুমিই সারা দুনিয়ার আল্লাহ্‌তা’লা।