Psalms 84
84:1 হে আল্লাহ্ রাব্বুল আলামীন, কি সুন্দর তোমার বাসস্থান!
84:2 আমার প্রাণ মাবুদের ঘরের উঠানগুলো দেখবার জন্য আকুল হয়ে উঠেছে, আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে; জীবন্ত আল্লাহ্র জন্য আমার দেহ ও মন আনন্দে চিৎকার করছে।
84:3 হে আল্লাহ্ রাব্বুল আলামীন, আমার বাদশাহ্, আমার মাবুদ, তোমার কোরবানগাহের কাছে চড়াই পাখী ঘর পেয়েছে, খঞ্জন পাখীও বাচ্চা রাখবার বাসা পেয়েছে।
84:4 ধন্য তারা, যারা তোমার ঘরে থাকে; তারা সব সময় তোমার প্রশংসা করে। [সেলা]
84:5 ধন্য তারা, যারা তোমার কাছ থেকে শক্তি পায়। ধন্য তারা, যাদের অন্তরে সিয়োনে যাবার পথের চিন্তা রয়েছে।
84:6 বাকা-উপত্যকার মধ্য দিয়ে যাবার সময় তারা জায়গাটাকে ঝর্ণার স্থান করে তোলে; প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে দোয়ায় ভরে দেয়।
84:7 যাওয়ার পথে তারা শক্তির উপরে শক্তি পায়; তারা প্রত্যেকে সিয়োনে আল্লাহ্র সামনে গিয়ে উপস্থিত হয়।
84:8 হে মাবুদ, আল্লাহ্ রাব্বুল আলামীন, আমার মুনাজাত শোন; হে ইয়াকুবের আল্লাহ্, আমার কথায় কান দাও। [সেলা]
84:9 হে আল্লাহ্, আমাদের ঢালকে দেখ; তোমার এই অভিষিক্ত বান্দার উপর তোমার দয়ার চোখ রাখ।
84:10 অন্য জায়গায় হাজার দিন কাটানোর চেয়ে তোমার ঘরের উঠানগুলোতে একটা দিন কাটানো অনেক ভাল; দুষ্ট লোকদের তাম্বুর মধ্যে বাস করার চেয়ে বরং আমার আল্লাহ্র ঘরের দরজার চৌকাঠের কাছে দাঁড়িয়ে থাকা অনেক ভাল।
84:11 সত্যি মাবুদ আল্লাহ্ই সূর্য ও ঢালের মত; তিনি রহমত ও গৌরব দান করেন। যারা সৎ ভাবে চলে তাদের কোন ভাল জিনিস দিতে তিনি অস্বীকার করেন না।
84:12 হে আল্লাহ্ রাব্বুল আলামীন, ধন্য সে, যে তোমার উপর ভরসা করে।