Psalms 85
85:1 হে মাবুদ, তোমার দেশের প্রতি তুমি রহমত দেখিয়েছ; তুমি ইয়াকুবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ।
85:2 তোমার বান্দাদের অন্যায় তুমি মাফ করেছ; তুমি তাদের সব গুনাহ্ ঢেকে দিয়েছ। [সেলা]
85:3 তোমার সমস্ত উপ্চে পড়া রাগ তুমি দূর করে দিয়েছ আর তোমার জ্বলন্ত গজব থেকে ফিরেছ।
85:4 হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্, তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন; আমাদের প্রতি তোমার রাগ তুমি থামাও।
85:5 চিরকাল কি তুমি আমাদের উপর তোমার রাগ বজায় রাখবে? বংশের পর বংশ ধরে কি তুমি রাগ করেই থাকবে?
85:6 তোমার বান্দারা যাতে তোমাকে নিয়েই আনন্দিত হতে পারে সেজন্য কি তুমি তাদের আবার জীবিত করে তুলবে না?
85:7 হে মাবুদ, তোমার অটল মহব্বত তুমি আমাদের দেখাও আর আমাদের উদ্ধার কর।
85:8 মাবুদ আল্লাহ্ যা বলবেন আমি তা শুনব; তাঁর বান্দাদের কাছে, তাঁর ভক্তদের কাছে তিনি শান্তির কথা বলবেন; কিন্তু তারা যেন আর বোকামির দিকে না ফেরে।
85:9 যারা তাঁকে ভয় করে সত্যিই তাঁর উদ্ধার করার সময় তাদের কাছে এসে গেছে; এতে তাঁর মহিমা আমাদের দেশে বাস করবে।
85:10 অটল মহব্বত ও বিশ্বস্ততার মিলন ঘটবে; ন্যায় এবং শান্তি একে অন্যকে চুম্বন করবে।
85:11 দেশের মাটি থেকে বিশ্বস্ততা গজিয়ে উঠবে; বেহেশত থেকে ন্যায় নীচে তাকিয়ে দেখবে।
85:12 যা ভাল মাবুদ সত্যিই তা দেবেন, আর আমাদের দেশ ফসল দান করবে।
85:13 ন্যায় তাঁর আগে আগে চলবে; সে তাঁরই পায়ের চিহ্নে চলার পথ গড়ে দেবে।