Library · bn

Psalms 86

86:1 হে মাবুদ, আমার কথায় কান দাও আর আমাকে জবাব দাও, কারণ আমি দুঃখী আর অভাবী। 86:2 আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত; হে আমার আল্লাহ্‌, যে গোলাম তোমার উপর ভরসা করছে তাকে তুমি রক্ষা কর। 86:3 হে মালিক, আমার প্রতি রহমত কর, কারণ আমি সারা দিন তোমাকেই ডাকি। 86:4 তোমার গোলামের মনে আনন্দ দাও, কারণ হে মালিক, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি। 86:5 হে মালিক, তুমি মেহেরবান ও মাফদানকারী; যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি মহব্বতে ভরপুর। 86:6 হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও; আমার মিনতির কান্না তুমি শোন। 86:7 বিপদের দিনে আমি তোমাকে ডাকব, কারণ তুমি আমাকে জবাব দেবে। 86:8 হে মালিক, দেবতাদের মধ্যে তোমার মত কেউ নেই; তোমার কাজের সংগে অন্য কোন কাজের তুলনা হয় না। 86:9 হে মালিক, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসে তোমার সামনে সেজদা করবে; তারা তোমার গুণগান করবে। 86:10 তুমি মহান আর অলৌকিক চিহ্ন দেখিয়ে থাক; একমাত্র তুমিই আল্লাহ্‌। 86:11 হে মাবুদ, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও, যাতে আমি তোমার সত্যে চলতে পারি; তোমাকে ভয় করার জন্য আমার দোটানা অন্তরকে তুমি এক কর। 86:12 হে আল্লাহ্‌, আমার মালিক, আমি সমস্ত দিল দিয়ে তোমার প্রশংসা করব; চিরকাল তোমার গুণগান করব। 86:13 আমার প্রতি তোমার অটল মহব্বতের সীমা নেই; কবরের সবচেয়ে নীচু জায়গা থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ। 86:14 হে আল্লাহ্‌, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; জুলুমবাজের দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে। তোমার প্রতি সেই লোকদের কোন ভয় নেই। 86:15 কিন্তু হে মালিক, তুমি মমতায় পূর্ণ দয়াময় আল্লাহ্‌; তুমি সহজে রেগে উঠ না, তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার সীমা নেই। 86:16 তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া কর; তোমার গোলামকে তোমার শক্তি দান কর; তোমার বাঁদীর ছেলেকে রক্ষা কর। 86:17 তোমার মেহেরবানীর ইচ্ছার প্রমাণ আমাকে দেখাও, যাতে আমাকে যারা ঘৃণা করে তারা তা দেখে লজ্জা পায়; কারণ হে মাবুদ, তুমিই আমাকে সাহায্য করেছ আর সান্ত্বনা দিয়েছ।