Psalms 92
92:1 হে মাবুদ আল্লাহ্তা’লা, দশতারা ও সুরবাহার বাজিয়ে আর বীণায় ঝংকার তুলে তোমাকে শুকরিয়া জানানো, তোমার প্রশংসা-কাওয়ালী গাওয়া, সকালে তোমার অটল মহব্বতের কথা আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা কত না আনন্দের ব্যাপার!
92:4 হে মাবুদ, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে; তোমার সব কাজের জন্য আমি আনন্দে কাওয়ালী গাইব।
92:5 হে মাবুদ, তোমার সব কাজ কেমন মহৎ আর তোমার চিন্তা কত গভীর!
92:6 যার অন্তর অসাড় সে তা জানে না; যার মধ্যে বিবেচনা নেই সে তা বুঝতে পারে না।
92:7 দুষ্ট লোকেরা যদিও ঘাসের মত বেড়ে ওঠে আর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি, তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।
92:8 কিন্তু হে মাবুদ, তুমি চিরকাল সবার উপরে থাকবে।
92:9 হে মাবুদ, তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, তারাই ধ্বংস হয়ে যাবে; অন্যায়কারীরা সবাই ছড়িয়ে পড়বে।
92:10 বুনো ষাঁড়ের উঁচু শিংয়ের মত তুমি আমার মাথা উঁচুতে তুলে ধরেছ; আনন্দে আমার উপর নতুন তেল ঢেলে দেওয়া হয়েছে।
92:11 আমার শত্রুদের পরাজয় আমি নিজের চোখেই দেখেছি; যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই দুষ্ট লোকদের কান্না আমি নিজের কানে শুনেছি।
92:12 আল্লাহ্ভক্ত লোক খেজুর গাছের মত ফুলে-ফলে ভরে উঠবে; সে লেবাননের এরস গাছের মত বেড়ে উঠবে।
92:13 আমাদের মাবুদ আল্লাহ্র বাড়ীতে যাদের লাগানো হয়েছে তারা তাঁরই উঠানে বেড়ে উঠবে।
92:14 শেষ বয়সেও তারা ফল দেবে; তারা সরস ও তাজা হবে।
92:15 তাতে প্রচারিত হবে, মাবুদ ন্যায়বান; তিনিই আমার শক্তি, তাঁর মধ্যে কোন অন্যায় নেই।