Library · bn

Psalms 94

94:1 হে মাবুদ, অন্যায়ের শাস্তি দেবার অধিকারী আল্লাহ্‌, হে অন্যায়ের শাস্তি দেবার অধিকারী আল্লাহ্‌, তোমার নূর প্রকাশিত হোক। 94:2 হে দুনিয়ার বিচারকর্তা, তুমি ওঠো; অহংকারীদের যা পাওনা তা তুমি তাদের দাও। 94:3 আর কতকাল, হে মাবুদ, আর কতকাল দুষ্ট লোকেরা আনন্দে মেতে থাকার সুযোগ পাবে? 94:4 তাদের মুখ থেকে কেবল দেমাক-ভরা কথার স্রোত বের হয়ে আসে; সেই অন্যায়কারীর দল বড়াই করে বেড়ায়। 94:5 হে মাবুদ, তারা তোমার বান্দাদের দলে-পিষে মারছে; যারা তোমার নিজের সম্পত্তি তাদের উপর তারা জুলুম করছে। 94:6 বিধবা আর বিদেশীদের তারা হত্যা করছে আর এতিমদের খুন করছে। 94:7 তারা বলছে, “এদিকে মাবুদের চোখ নেই; ইয়াকুবের আল্লাহ্‌ খেয়াল করেন না।” 94:8 অসাড় দিলের লোকেরা, তোমরা কান দাও; ওহে বিবেচনাহীন লোকেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে? 94:9 যিনি কান সৃষ্টি করেছেন তিনি কি শুনতে পান না? যিনি চোখ গড়েছেন তাঁর কি দেখার শক্তি নেই? 94:10 যিনি সব জাতিকে শাসন করেন ও মানুষকে শিক্ষা দেন তিনি কি শাস্তি না দিয়ে থাকবেন? 94:11 মাবুদ মানুষের সব চিন্তা জানেন; তিনি জানেন যে, সে সবই নিষ্ফল। 94:12 হে মাবুদ, ধন্য সেই লোক যাকে তুমি শাসনে রাখ আর তোমার শরীয়ত শিক্ষা দাও, 94:13 যাতে বিপদের দিনে সে সাহস পায়, যে পর্যন্ত না দুষ্ট লোকদের জন্য গর্ত তৈরী শেষ হয়। 94:14 মাবুদ কখনও তাঁর বান্দাদের ত্যাগ করবেন না; যারা তাঁর নিজের সম্পত্তি তাদের তিনি ফেলে দেবেন না। 94:15 বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে; যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে। 94:16 কে আমার পক্ষ হয়ে দুষ্টদের বিরুদ্ধে দাঁড়াবে? আমার পক্ষ হয়ে অন্যায়কারীদের বিরুদ্ধে কে দাঁড়াবে? 94:17 যদি মাবুদ আমাকে সাহায্য না করতেন, তবে মৃত্যুর নীরবতায় চলে যেতে আমার দেরি হত না। 94:18 যখনই আমি ভাবি আমার পা পিছ্‌লে যাচ্ছে, তখনই হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাকে ধরে রাখে। 94:19 আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়, তখন তোমার দেওয়া সান্ত্বনা আমার অন্তরকে আনন্দিত করে। 94:20 খারাপ শাসনকর্তারা খারাপ কাজের জন্য আইন তৈরী করে; তোমার সংগে তাদের কি কোন সম্বন্ধ থাকতে পারে? 94:21 তারা সৎ লোকের বিরুদ্ধে দল পাকায় আর নির্দোষীকে মৃত্যুর শাস্তি দেবার জন্য দোষী বানায়। 94:22 কিন্তু মাবুদই আমার কেল্লা; আমার আল্লাহ্‌ আমার আশ্রয়-পাহাড়। 94:23 তাদের অন্যায় তিনি তাদেরই মাথার উপর নিয়ে আসবেন, তাদের দুষ্টতাতেই তিনি তাদের শেষ করে দেবেন; আমাদের মাবুদ আল্লাহ্‌ই তা করবেন।