Psalms 95
95:1 এস, আমরা মাবুদের উদ্দেশে আনন্দের কাওয়ালী গাই; আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশে আনন্দধ্বনি করি।
95:2 চল, আমরা শুকরিয়া জানাতে জানাতে তাঁর সামনে যাই, কাওয়ালীর মধ্য দিয়ে তাঁর উদ্দেশে আনন্দধ্বনি করি।
95:3 মাবুদই আল্লাহ্তা’লা; সমস্ত দেব-দেবীর উপরে তিনিই মহান বাদশাহ্।
95:4 দুনিয়ার সব গভীর স্থান তাঁরই হাতে রয়েছে; পাহাড়ের চূড়াগুলোও তাঁর।
95:5 সমুদ্র তাঁর, কারণ তিনিই তা তৈরী করেছেন; ভূমিও তাঁর হাতে গড়া।
95:6 এস, আমরা সেজদা করে তাঁর এবাদত করি; আমাদের সৃষ্টিকর্তা মাবুদের সামনে হাঁটু পাতি।
95:7 তিনিই আমাদের আল্লাহ্, আমরা তাঁরই বান্দা; তাঁর চারণ ভূমির ভেড়ার মত তিনি আমাদের দেখাশোনা করেন। আহা, আজ যদি তোমরা তাঁর কথায় কান দাও!
95:8 তিনি বলেছেন, “তোমাদের পূর্বপুরুষদের মত তোমাদের দিল তোমরা কঠিন কোরো না; তারা মরুভূমির মধ্যে মরীবায় ও মঃসায় আমার পরীক্ষা করেছিল। যদিও তোমাদের পূর্বপুরুষেরা আমার কাজ দেখেছিল, তবুও তারা সেখানে আমাকে যাচাই করেছিল।
95:10 চল্লিশ বছর ধরে সেই সময়কার লোকদের উপর আমি বিরক্ত ছিলাম; আমি বলেছিলাম, ‘এই লোকদের দিল বিপথে ঘুরে বেড়াচ্ছে; তারা আমার পথ জানল না।’
95:11 সেইজন্য আমি রাগে কসম খেয়ে বলেছিলাম, ‘আমার দেওয়া বিশ্রামের জায়গায় তারা যেতে পারবে না।’ ”