Proverbs 12
12:1 যে লোক শাসন ভালবাসে সে জ্ঞান ভালবাসে, কিন্তু যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে পশুর সমান।
12:2 ভাল লোক মাবুদের কাছ থেকে রহমত পায়, কিন্তু যে কুমতলব করে মাবুদ তাকে দোষী বলে স্থির করেন।
12:3 খারাপী দিয়ে কোন লোকের জীবনে স্থিরতা আসে না, কিন্তু আল্লাহ্ভক্ত লোকের জীবনের ভিত্তি অটল থাকে।
12:4 ভাল ও গুণবতী স্ত্রী স্বামীর মাথার তাজের মত, কিন্তু যে স্ত্রী লজ্জার কাজ করে সে তার স্বামীর পচা হাড়ের মত।
12:5 আল্লাহ্ভক্ত লোকদের চিন্তা ন্যায়ে পূর্ণ, কিন্তু দুষ্টদের পরামর্শে আছে ছলনা।
12:6 দুষ্ট লোকেরা রক্তপাত করবার জন্য ওৎ পেতে থাকবার কথা বলে, কিন্তু ন্যায়বান লোকেরা রক্ষা করবার কথা বলে।
12:7 দুষ্ট লোকেরা ধ্বংস হয়ে যায়, তাদের বংশ থাকে না, কিন্তু আল্লাহ্ভক্ত লোকদের বংশ অটল থাকে।
12:8 মানুষ যেভাবে বুদ্ধি খাটায় সেই অনুসারে প্রশংসা পায়, কিন্তু কুটিলমনা লোকদের তুচ্ছ করা হয়।
12:9 যে লোক বড়লোকের ভান করে কিন্তু ঘরে খাবার নেই, তার চেয়ে যে বড়লোক নয় অথচ চাকর রাখে সে বরং ভাল।
12:10 আল্লাহ্ভক্ত লোক তার পশুদের যত্ন করে, কিন্তু দুষ্টদের মমতাও নিষ্ঠুরতায় পূর্ণ।
12:11 যে লোক নিজের জমিতে পরিশ্রম করে তার প্রচুর খাবার থাকে, কিন্তু যে অসারতার পিছনে দৌড়ায় তার বুদ্ধির অভাব আছে।
12:12 দুষ্টেরা খারাপ লোকদের লুট করা জিনিস পেতে চায়, কিন্তু আল্লাহ্ভক্ত লোকদের জীবন ফল দান করে।
12:13 খারাপ লোক তার গুনাহে পূর্ণ কথাবার্তার দ্বারা ফাঁদে পড়ে, কিন্তু আল্লাহ্ভক্ত লোক কষ্ট থেকে রেহাই পায়।
12:14 মানুষ তার কথার দ্বারা উন্নতিতে পরিপূর্ণ হতে পারে, আর তার কাজ অনুসারে সে ফল পায়।
12:15 অসাড়-বিবেক লোকের পথ তার নিজের কাছে ঠিক মনে হয়, কিন্তু জ্ঞানী লোক পরামর্শ শোনে।
12:16 যার বিবেক অসাড় সে তার বিরক্তি প্রকাশ করে ফেলে, কিন্তু সতর্ক লোক নিজের অপমান ঢাকা দেয়।
12:17 সত্যবাদীর সাক্ষ্যের ফলে উচিত বিচার হয়, কিন্তু মিথ্যবাদীর সাক্ষ্যের ফলে ভুল বিচার হয়।
12:18 বেপরোয়া কথা তলোয়ারের মত আঘাত করে, কিন্তু জ্ঞানীর কথা সুস্থ করে।
12:19 সত্যবাদীর কথা চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদীর কথা অল্পকাল স্থায়ী।
12:20 যারা কুমতলব করে তাদের অন্তরে ছলনা থাকে, কিন্তু যারা ভালোর পরামর্শ দেয় তাদের অন্তরে থাকে আনন্দ।
12:21 আল্লাহ্ভক্ত লোকদের জীবনে অবনতি হয় না, কিন্তু দুষ্টদের জীবন অবনতিতে পূর্ণ থাকে।
12:22 মিথ্যাবাদী মুখকে মাবুদ ঘৃণা করেন, কিন্তু যে লোকেরা বিশ্বস্ততায় চলে তাদের উপর তিনি সন্তুষ্ট হন।
12:23 সতর্ক লোক যা জানে তা বলে বেড়ায় না, কিন্তু বিবেচনাহীন লোকেরা তাদের কথায় নির্বুদ্ধিতা প্রকাশ করে।
12:24 পরিশ্রমী লোকেরা কর্তৃত্ব করে, কিন্তু অলস লোকেরা পরের অধীন হয়।
12:25 দুশ্চিন্তার ভারে মানুষের অন্তর ভেংগে পড়ে, কিন্তু একটুখানি উৎসাহের কথা তাকে আনন্দ দান করে।
12:26 আল্লাহ্ভক্ত লোক তার প্রতিবেশীকে পথ দেখায়, কিন্তু দুষ্টেরা এমন পথে চলে যা তাদেরই বিপথে নিয়ে যায়।
12:27 অলস লোক নিজের খাবারের জন্য শিকার করতেও যায় না, কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল পরিশ্রমী হওয়া।
12:28 ন্যায়ের পথে জীবন থাকে, সেই পথে মৃত্যু নেই।