Proverbs 13
13:1 জ্ঞানী ছেলে পিতার শাসন মানে, কিন্তু ঠাট্টা-বিদ্রূপকারী সংশোধনে কান দেয় না।
13:2 মানুষ নিজের কথার দ্বারা উন্নতি লাভ করতে পারে; বেঈমান লোক জুলুম করতে চায়।
13:3 যে তার মুখ সাবধানে রাখে সে তার প্রাণ রক্ষা করে, কিন্তু যে অসাবধানে কথা বলে তার সর্বনাশ হয়।
13:4 অলস পেতে চায় কিন্তু কিছুই পায় না, কিন্তু পরিশ্রমী লোকেরা তাদের চাওয়ার অতিরিক্ত পায়।
13:5 আল্লাহ্ভক্ত লোক মিথ্যাকে ঘৃণা করে, কিন্তু দুষ্ট লোক লজ্জা ও দুর্নামের কারণ হয়।
13:6 আল্লাহ্র প্রতি ভয় সৎ লোককে রক্ষা করে, কিন্তু দুষ্টতা গুনাহ্গারদের সর্বনাশ ঘটায়।
13:7 কেউ নিজেকে ধনী দেখায় কিন্তু তার কিছুই নেই; আবার কেউ নিজেকে গরীব দেখায় কিন্তু তার অনেক ধন আছে।
13:8 ধনীকে তার ধন দিয়েই নিজের প্রাণ রক্ষা করতে হয়, কিন্তু গরীব লোককে কেউ ভয় দেখায় না।
13:9 আল্লাহ্ভক্তদের নূর উজ্জ্বলভাবে জ্বলে, কিন্তু দুষ্টদের বাতি নিভে যায়।
13:10 অহংকার কেবল ঝগড়া-বিবাদের সৃষ্টি করে, কিন্তু যারা উপদেশ শোনে তাদের কাছে জ্ঞান পাওয়া যায়।
13:11 পরিশ্রম না করে যে টাকা পাওয়া যায় তা কমে যায়, কিন্তু যে লোক পরিশ্রম করে টাকা জমায় তার টাকা বেড়ে যায়।
13:12 আশা পূর্ণ হতে দেরি হলে অন্তর ভেংগে পড়ে, কিন্তু ইচ্ছার পরিপূর্ণতা জীবন্তগাছের মত।
13:13 যে লোক আল্লাহ্র কালাম তুচ্ছ করে সে নিজের সর্বনাশ করে, কিন্তু যে লোক ভয়ে আল্লাহ্র হুকুম মানে সে তার পাওনা পায়।
13:14 জ্ঞানী লোকের দেওয়া শিক্ষা জীবনের ঝর্ণার মত; তা মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে দূরে রাখে।
13:15 যার বুদ্ধি ভাল সে সম্মান পায়, কিন্তু বেঈমান লোকেরা শেষ হয়ে যাবে।
13:16 সতর্ক লোক জ্ঞানের সংগে কাজ করে, কিন্তু বিবেচনাহীন লোক তার নির্বুদ্ধিতা প্রকাশ করে।
13:17 দুষ্ট সংবাদদাতা বিপদে পড়ে, কিন্তু বিশ্বস্ত সংবাদদাতা উপকার আনে।
13:18 যে লোক শাসন অগ্রাহ্য করে সে অভাবে পড়ে ও লজ্জা পায়, কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে সম্মানিত হয়।
13:19 মনের ইচ্ছা পূরণ হলে অন্তর তৃপ্ত হয়, কিন্তু বিবেচনাহীনেরা খারাপী থেকে দূরে সরে যেতে ঘৃণা বোধ করে।
13:20 জ্ঞানীদের সংগে যে চলাফেরা করে সে জ্ঞানী হয়, কিন্তু যে লোক বিবেচনাহীনদের সংগী তার ক্ষতি হয়।
13:21 অবনতি গুনাহ্গারদের পিছনে পিছনে ছুটে আসে, কিন্তু উন্নতি হল আল্লাহ্ভক্তদের পাওনা।
13:22 ভাল লোক তার নাতি-নাতনীদের জন্য অধিকার রেখে যায়, কিন্তু গুনাহ্গারের ধন আল্লাহ্ভক্তদের জন্যই জমা করা হয়।
13:23 গরীবের জমিতে প্রচুর শস্য জন্মায়, কিন্তু অবিচারের ফলে তা কেড়ে নেওয়া হয়।
13:24 যে তার ছেলেকে শাস্তি দেয় না সে তাকে ভালবাসে না, কিন্তু যে তাকে ভালবাসে সে তার শাসনের দিকে মনোযোগ দেয়।
13:25 আল্লাহ্ভক্ত লোকেরা পেট ভরে খায়, কিন্তু দুষ্টেরা পেট ভরে খেতে পায় না।