Library · bn

Proverbs 14

14:1 বুদ্ধিমতী স্ত্রীলোক তার সংসারের উন্নতি করে, কিন্তু যে স্ত্রীলোকের বিবেক অসাড় সে নিজেই তার সংসারের ভাংগন ধরায়। 14:2 যে সততায় চলে সে মাবুদকে ভয় করে, কিন্তু যে বাঁকা পথে চলে সে তাঁকে তুচ্ছ করে। 14:3 যার বিবেক অসাড় তার কথাবার্তায় অহংকার প্রকাশ পায়, কিন্তু জ্ঞানীরা তাদের কথার দ্বারা রক্ষা পায়। 14:4 গরু না থাকলে যাবপাত্র খালি থাকে, কিন্তু বলদের শক্তি দ্বারা প্রচুর ফসল পাওয়া যায়। 14:5 বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে না, কিন্তু অবিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে। 14:6 যে ঠাট্টা-বিদ্রূপ করে সে জ্ঞানের খোঁজ করেও পায় না, কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সহজেই জ্ঞান লাভ করে। 14:7 বিবেচনাহীন লোকের কাছ থেকে তুমি চলে যাও, কারণ তার মুখে তুমি জ্ঞানের কথা পাবে না। 14:8 বিচারবুদ্ধি অনুসারে চলা হল সতর্ক লোকের জ্ঞান, কিন্তু ছলনা হল বিবেচনাহীন লোকের নির্বুদ্ধিতা। 14:9 অসাড়-বিবেক লোকেরা তাদের দোষ দিয়ে একে অন্যের সংগে বাঁধা থাকে, কিন্তু সৎ লোকেরা বাঁধা থাকে উপকার করবার ইচ্ছা দিয়ে। 14:10 যার অন্তর তেতো সে তা নিজেই বোঝে; একজনের অন্তরের আনন্দের ভাগী অন্যে হতে পারে না। 14:11 দুষ্টদের বাড়ী ধ্বংস হয়ে যাবে, কিন্তু সৎ লোকদের তাম্বু বড় থেকে আরও বড় হবে। 14:12 একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়, কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু। 14:13 হাসবার সময়েও মনে ব্যথা থাকতে পারে, আর আনন্দের শেষে দুঃখ থাকতে পারে। 14:14 বেঈমান লোকেরা নিজেদের আচার-ব্যবহারে তৃপ্ত হয়, কিন্তু ভাল লোকেরা নিজেদের আচার-ব্যবহারে আরও বেশী তৃপ্ত হয়। 14:15 বোকা লোক সব কথাই বিশ্বাস করে, কিন্তু সতর্ক লোক বিচারবুদ্ধি খাটিয়ে চলে। 14:16 জ্ঞানী লোক খারাপীকে ভয় করে তা থেকে সরে যায়, কিন্তু বিবেচনাহীন লোক নিজের উপর বেশী বিশ্বাস করে দুঃসাহসী হয়। 14:17 বদমেজাজী লোক বোকার মত কাজ করে, আর কুমতলবকারীকে সবাই ঘৃণা করে। 14:18 বোকা লোকেরা পাওনা হিসাবে পায় নির্বুদ্ধিতা, আর সতর্ক লোকেরা পুরস্কার হিসাবে পায় জ্ঞান। 14:19 খারাপ লোকেরা ভাল লোকদের সামনে নত হয়, আর দুষ্টেরা আল্লাহ্‌ভক্ত লোকদের দরজার কাছে নত হয়। 14:20 গরীবকে তার প্রতিবেশীরা পর্যন্ত অপছন্দ করে, কিন্তু ধনীর অনেক বন্ধু থাকে। 14:21 যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে সে গুনাহ্‌ করে, কিন্তু ধন্য সে যে অভাবীদের প্রতি দয়া করে। 14:22 যারা খারাপ কাজ করবার ফন্দি আঁটে তারা কি বিপথে যায় না? কিন্তু যারা উপকার করবার পরিকল্পনা করে তাদের জন্য আছে বিশ্বস্ততা ও সততা। 14:23 সমস্ত পরিশ্রম লাভ নিয়ে আসে, কিন্তু শুধু কথাবার্তা কেবল অভাবের দিকে নিয়ে যায়। 14:24 জ্ঞানীদের পুরস্কার হল তাদের ধন, কিন্তু বিবেচনাহীনদের বোকামি আরও বোকামির জন্ম দেয়। 14:25 যে সাক্ষী সত্যি কথা বলে সে অন্যের জীবন রক্ষা করে, কিন্তু মিথ্যা সাক্ষী ছলনা করে। 14:26 মাবুদের প্রতি ভয় থেকে দৃঢ় নিশ্চয়তা আসে আর তার ছেলেমেয়েদের জন্য আশ্রয়স্থান থাকে। 14:27 মাবুদের প্রতি ভয় জীবনের ঝর্ণার মত; তা লোককে মৃত্যুর ফাঁদ থেকে দূরে রাখে। 14:28 লোকসংখ্যা বেশী হলে বাদশাহ্‌র গৌরব হয়, কিন্তু প্রজা কম থাকলে বাদশাহ্‌র সর্বনাশ হয়। 14:29 যে লোক সহজে রাগ করে না সে খুব বুদ্ধিমান, কিন্তু যে লোক হঠাৎ রেগে যায় সে বোকামি তুলে ধরে। 14:30 শান্ত মন শরীরকে সুস্থ রাখে, কিন্তু হিংসা শরীরকে অসুস্থ করে তোলে। 14:31 যে লোক গরীবের উপর জুলুম করে সে তার সৃষ্টিকর্তাকে অপমান করে, কিন্তু যে লোক অভাবীকে দয়া করে সে তার সৃষ্টিকর্তাকে সম্মান করে। 14:32 দুষ্টদের অন্যায় কাজ তাদের পতন ঘটায়, কিন্তু আল্লাহ্‌ভক্ত লোকদের মৃত্যুর সময়েও আশা থাকে। 14:33 যাদের বিচারবুদ্ধি আছে তাদের অন্তরে জ্ঞান শান্তভাবে থাকে, কিন্তু বিবেচনাহীনেরা তাদের জ্ঞান প্রকাশ করবার জন্য ব্যস্ত হয়। 14:34 আল্লাহ্‌র প্রতি ভয় জাতিকে সম্মানিত করে কিন্তু গুনাহ্‌ জাতিকে অসম্মানে ফেলে। 14:35 যে কর্মচারী বুদ্ধি করে কাজ করে বাদশাহ্‌ তাকে সুনজরে দেখেন, কিন্তু যে কর্মচারী লজ্জাপূর্ণ কাজ করে সে তাঁর রাগের পাত্র হয়।