Proverbs 15
15:1 নরম জবাব রাগ দূর করে, কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে।
15:2 জ্ঞানী লোকদের মুখ জ্ঞান ভালভাবে ব্যবহার করে, কিন্তু বিবেচনাহীনদের মুখ থেকে বোকামি স্রোতের মত বের হয়ে আসে।
15:3 মাবুদের চোখ সবখানেই আছে; তা ভাল ও খারাপ লোকদের উপর নজর রাখে।
15:4 যে কথা মানুষের জীবনে সুস্থতা আনে তা জীবন্তগাছের মত, কিন্তু ছলনার কথা মানুষের মন ভেংগে দেয়।
15:5 অসাড়-বিবেক লোক তার পিতার শাসনকে তুচ্ছ করে, কিন্তু সতর্ক লোক সংশোধনের কথায় কান দেয়।
15:6 আল্লাহ্ভক্তদের ঘর হল মহাধনের ভাণ্ডার, কিন্তু দুষ্টদের আয় বিপদ ডেকে আনে।
15:7 জ্ঞানীদের মুখ জ্ঞান ছড়ায়, কিন্তু বিবেচনাহীনদের অন্তর তা করে না।
15:8 দুষ্টদের কোরবানী মাবুদ ঘৃণা করেন, কিন্তু খাঁটি লোকদের মুনাজাতে তিনি খুশী হন।
15:9 মাবুদ দুষ্টদের পথ ঘৃণা করেন, কিন্তু যারা ন্যায় কাজ করবার জন্য এগিয়ে যায় তাদের তিনি মহব্বত করেন।
15:10 যারা ঠিক পথ ত্যাগ করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে; যে লোক সংশোধনের কথা ঘৃণা করে সে মরবে।
15:11 মাবুদ তো ধ্বংসস্থান, অর্থাৎ কবর দেখতে পান; তাহলে মানুষের অন্তর তিনি আরও কত বেশী করেই না দেখতে পাচ্ছেন!
15:12 ঠাট্টা-বিদ্রূপকারী সংশোধনের কথা পছন্দ করে না; সে জ্ঞানীদের কাছে যায় না।
15:13 অন্তরে আনন্দ থাকলে মুখও খুশী দেখায়, কিন্তু অন্তরের ব্যথায় মন ভেংগে যায়।
15:14 যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞানের তালাশ করে, কিন্তু বিবেচনাহীনের খাবার হল বোকামি।
15:15 দুঃখীর সব দিনগুলোই কষ্টে ভরা, কিন্তু যার মন খুশী থাকে তার সব দিনই যেন মেজবানীর দিন।
15:16 অশান্তির সংগে প্রচুর ধন লাভের চেয়ে মাবুদের প্রতি ভয়ের সংগে অল্পও ভাল।
15:17 ধনীর ভালবাসাহীন বাড়ীতে মোটাসোটা বাছুর থাকবার চেয়ে গরীবের ভালবাসাপূর্ণ বাড়ীতে শাক-ভাতও ভাল।
15:18 রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, কিন্তু যে লোক সহজে রাগ করে না সে ঝগড়া থামিয়ে দেয়।
15:19 অলসের পথ দু’পাশে কাঁটার বেড়া দেওয়া পথের মত, কিন্তু সৎ লোকের পথ যেন রাজপথ।
15:20 জ্ঞানী ছেলে পিতার জীবনে আনন্দ আনে, কিন্তু বিবেচনাহীন লোক মাকে তুচ্ছ করে।
15:21 যার বুদ্ধির অভাব আছে সে বোকামিতে আনন্দ পায়, কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে সোজা পথে হাঁটে।
15:22 পরামর্শের অভাবে পরিকল্পনা মিথ্যা হয়ে যায়, কিন্তু পরামর্শদাতা অনেক হলে পরিকল্পনা সফল হয়।
15:23 যে লোক উপযুক্ত জবাব দিতে পারে সে খুশী হয়; ঠিক সময়ে বলা কথা কেমন ভাল!
15:24 বুদ্ধিমান লোকের জীবনের পথ তাকে উপরের দিকে নিয়ে যায়, আর তাতে সে নীচে কবরে যাওয়া থেকে রক্ষা পায়।
15:25 মাবুদ অহংকারীদের বাড়ী ভেংগে ফেলেন, কিন্তু তিনি বিধবার সীমানা ঠিক রাখেন।
15:26 মাবুদ সব কুমতলব ঘৃণা করেন, কিন্তু উপকারের কথাবার্তা তাঁর চোখে খাঁটি।
15:27 লোভী লোক তার পরিবারে কষ্ট নিয়ে আসে, কিন্তু যে লোক ঘুষ ঘৃণা করে সে পরিপূর্ণ জীবন পাবে।
15:28 আল্লাহ্ভক্ত লোকের অন্তর চিন্তা করে জবাব দেয়, কিন্তু দুষ্টদের মুখ থেকে খারাপ কথার স্রোত বের হয়ে আসে।
15:29 মাবুদ দুষ্টদের থেকে দূরে থাকেন, কিন্তু তিনি আল্লাহ্ভক্তদের মুনাজাত শোনেন।
15:30 আনন্দে ভরা চোখ অন্যকে আনন্দ দেয়, আর ভাল খবর হাড়-মাংসকে পুষ্ট করে।
15:31 যে লোক জীবনদানকারী সংশোধনের কথায় কান দেয় সে জ্ঞানীদের মধ্যে বাস করবে।
15:32 যে লোক শাসন অগ্রাহ্য করে সে নিজেকেই তুচ্ছ করে, কিন্তু যে লোক সংশোধনের কথায় কান দেয় সে বুদ্ধি লাভ করে।
15:33 মাবুদের প্রতি ভয় মানুষকে জ্ঞান শিক্ষা দেয়, আর নম্রতা সম্মান আনে।