Library · bn

Proverbs 16

16:1 মানুষ মনে মনে পরিকল্পনা করে, কিন্তু মুখ দিয়ে তা প্রকাশ করবার ক্ষমতা মাবুদের কাছ থেকে আসে। 16:2 মানুষের সব পথই তার নিজের কাছে নির্দোষ, কিন্তু মাবুদ তার উদ্দেশ্যগুলো ওজন করে দেখেন। 16:3 তুমি যা-ই কর না কেন তার ভার মাবুদের উপর ফেলে দাও; তাতে তোমার পরিকল্পনা সফল হবে। 16:4 মাবুদ সব কিছু তৈরী করেছেন তাদের নিজের নিজের উদ্দেশ্য অনুসারে; দুষ্টকেও তিনি দুর্দশা-দিনের জন্যই ঠিক করে রেখেছেন। 16:5 যাদের অন্তর গর্বিত তাদের সবাইকে মাবুদ ঘৃণার চোখে দেখেন; তোমরা নিশ্চয়ই জেনো তারা শাস্তি পাবেই পাবে। 16:6 বিশ্বস্ততা ও সততার মধ্য দিয়ে অন্যায় দূর করা যায়; মাবুদের প্রতি ভয়ে মানুষ খারাপী থেকে সরে যায়। 16:7 মানুষের জীবন দেখে যখন মাবুদ সন্তুষ্ট হন তখন তিনি তার শত্রুদেরও তার সংগে শান্তিতে বাস করান। 16:8 অন্যায় বিচারের সংগে প্রচুর লাভের চেয়ে ন্যায়বিচারের সংগে অল্পও ভাল। 16:9 মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে, কিন্তু তার পায়ের ধাপ মাবুদই পরিচালনা করেন। 16:10 বাদশাহ্‌র মুখে বিচারের ন্যায্য রায় থাকে; তাঁর কথা ন্যায়বিচারের বিরুদ্ধে যায় না। 16:11 সঠিক দাঁড়িপাল্লা ও নিক্তি মাবুদের; থলির সঠিক বাটখারাগুলো তাঁর চোখে ভাল। 16:12 বাদশাহ্‌র পক্ষে অন্যায় কাজ করা একটা জঘন্য ব্যাপার, কারণ ন্যায় কাজের মধ্য দিয়ে সিংহাসন স্থির থাকে। 16:13 সত্যবাদী মুখ বাদশাহ্‌দের আনন্দ দেয়; যে লোক সত্যি কথা বলে বাদশাহ্‌রা তাকে মহব্বত করেন। 16:14 বাদশাহ্‌র রাগ মৃত্যুর ফেরেশতার মত, কিন্তু জ্ঞানী লোক সেই রাগ শান্ত করে। 16:15 বাদশাহ্‌ সন্তুষ্ট হলে জীবন বাঁচে; তাঁর দয়া বসন্তকালের বৃষ্টির মেঘের মত। 16:16 সোনার চেয়ে জ্ঞান লাভ করা কত ভাল! আর রূপার চেয়ে বিচারবুদ্ধি লাভ করা কত পছন্দনীয়! 16:17 খারাপী থেকে সরে যাওয়াই হল সৎ লোকদের জীবনের পথ; যে লোক তার জীবন পথের দিকে খেয়াল রাখে সে তার প্রাণ রক্ষা করে। 16:18 অহংকার ধ্বংস আনে আর গর্বে ভরা মন পতন আনে। 16:19 অহংকারীদের সংগে লুটের জিনিস ভাগ করে নেওয়ার চেয়ে নম্র মনোভাব নিয়ে অত্যাচারিতদের সংগে থাকা অনেক ভাল। 16:20 যে লোক আল্লাহ্‌র কালামে কান দেয় তার উন্নতি হয়, আর ধন্য সে যে মাবুদের উপর ভরসা করে। 16:21 যার অন্তরে জ্ঞান আছে তাকে বুদ্ধিমান বলা হয়, আর মিষ্টি কথায় কাউকে শিক্ষা দিলে তার জ্ঞান বাড়ে। 16:22 যার বুদ্ধি আছে সেই বুদ্ধি তার কাছে জীবনের ঝর্ণার মত; অসাড়-বিবেক লোকদের বোকামিই তাদের শাস্তি। 16:23 জ্ঞানী লোকের অন্তর তার মুখকে পরিচালনা করে, তাতে তার শিক্ষায় অন্যদের জ্ঞান বাড়ে। 16:24 মিষ্টি কথা মৌচাকের মত; অন্তরের জন্য তা মধুর আর তা শরীরকে সুস্থ রাখে। 16:25 একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়, কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু। 16:26 খিদে মানুষকে পরিশ্রম করায়; তার পেটের খিদে তাকে কাজ করতে বাধ্য করে। 16:27 নীচমনা লোক খারাপ কাজ করবার জন্য ষড়যন্ত্র করে; তার কথাবার্তা ঝল্‌সে দেওয়া আগুনের মত। 16:28 যে লোক কুটিল সে ঝগড়া খুঁচিয়ে তোলে, আর যে লোক নিন্দা রটায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়। 16:29 জুলুমবাজ লোকের জীবন দেখে অন্যেরা লোভে পড়ে আর কুপথে যায়। 16:30 যে লোক চোখ টেপে সে কুমতলব করে; যে লোক ঠোঁট বাঁকায় সে খারাপ কাজ করবে বলে ঠিক করেছে। 16:31 পাকা চুল হল সৌন্দর্যের তাজ; আল্লাহ্‌র প্রতি ভয়পূর্ণ জীবন কাটিয়ে তা পাওয়া যায়। 16:32 যে সহজে রাগ করে না সে যোদ্ধার চেয়ে ভাল; যে শহর জয় করে তার চেয়ে যে নিজেকে দমনে রাখে সে ভাল। 16:33 লোকে গুলিবাঁট করে, কিন্তু তার ফলাফল মাবুদই ঠিক করেন।