Library · bn

Psalms 105

105:1 সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও। 105:2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর প্রশংসা-গান কর; তাঁর সব আশ্চর্য কাজের কথা বল। 105:3 তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক। 105:4 সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর; সব সময় তাঁর সংগে যোগাযোগ রাখতে আগ্রহী হও। 105:5 হে তাঁর দাস অব্রাহামের বংশধরেরা, তাঁর বেছে নেওয়া যাকোবের সন্তানেরা, তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য আশ্চর্য কাজের কথা আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো। 105:7 তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু; গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে। 105:8 যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তাঁর সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন। 105:9 সেই ব্যবস্থা তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেন আর ইস্‌হাকের কাছে শপথ করেছিলেন। 105:10 তিনি তাঁর ব্যবস্থা যাকোবের কাছে নিয়ম হিসাবে আর ইস্রায়েলের কাছে চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছিলেন। 105:11 তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশটা দেব, সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।” 105:12 তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল, আর তারা সেখানে বিদেশী ছিল, 105:13 তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যে আর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত, 105:14 তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না। তাদের জন্য তিনি রাজাদের ধম্‌কে দিতেন, 105:15 বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না; আমার নবীদের কোন ক্ষতি করবে না।” 105:16 তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেন আর তাদের খাবারের অভাব ঘটালেন; 105:17 তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন- যোষেফকে পাঠিয়ে দিলেন; দাস হিসাবে তাঁকে বিক্রি করা হল। 105:18 বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল, লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন। 105:19 তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল, ততদিন তাঁর সম্বন্ধে সদাপ্রভুর প্রতিজ্ঞা পুরণের ব্যাপারে তাঁর পরীক্ষা চলছিল। 105:20 রাজার আদেশে তাঁর শিকল খুলে দেওয়া হল; সেই শাসনকর্তা তাঁকে ছেড়ে দিলেন। 105:21 তিনি তাঁকে তাঁর রাজবাড়ীর ও তাঁর সমস্ত সম্পত্তির কর্তা করলেন, 105:22 যাতে তাঁর ইচ্ছা অনুসারে তিনি রাজকর্মচারীদের শাসনে রাখেন আর বৃদ্ধ নেতাদের পরামর্শ দেন। 105:23 তারপর ইস্রায়েল মিসরে গেলেন; হাম-বংশীয়দের দেশে যাকোব কিছুকাল বাস করলেন। 105:24 সদাপ্রভু তাঁর নিজের লোকদের বংশ অনেক বাড়িয়ে দিলেন; শত্রুদের চেয়ে তিনি তাদের শক্তিশালী করলেন। 105:25 তাঁর লোকদের বিরুদ্ধে তিনি শত্রুদের অন্তরে ঘৃণা জাগিয়ে দিলেন, তাতে তারা তাঁর দাসদের সংগে চালাকি খাটিয়ে চলতে লাগল। 105:26 তিনি তাঁর দাস মোশিকে আর তাঁর বেছে নেওয়া হারোণকে পাঠিয়ে দিলেন; 105:27 তাঁদের দিয়ে সদাপ্রভু হাম-বংশীয়দের দেশে সকলের সামনে নানা রকম চিহ্ন ও আশ্চর্য কাজ করলেন। 105:28 তিনি অন্ধকার পাঠালেন, তাতে অন্ধকার হল; তাঁর বাক্যের বিরুদ্ধে তারা বিদ্রোহ করল না। 105:29 তাদের জল তিনি রক্ত করে দিলেন, তাতে সব মাছ মরে গেল। 105:30 দেশ ব্যাঙে কিল্‌বিল্‌ করতে লাগল; এমন কি, তাদের রাজার ঘরে গিয়েও সেগুলো ঢুকল। 105:31 তাঁর কথায় ঝাঁকে ঝাঁকে পোকা আসল, তাদের দেশ মশাতে ছেয়ে গেল। 105:32 তিনি বৃষ্টির মত করে তাদের উপর শিলা ফেললেন, সারা দেশে বিদ্যুৎ চমকাতে লাগল। 105:33 তাদের আংগুর লতা আর ডুমুর গাছে তিনি আঘাত করলেন আর দেশের সব গাছপালা ভেংগে দিলেন। 105:34 তাঁর কথায় পংগপাল আর অসংখ্য ফড়িং আসল; 105:35 সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল। 105:36 তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল, অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন। 105:37 তিনি সোনা-রূপা সহ ইস্রায়েলীয়দের বের করে আনলেন; তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি। 105:38 তাদের চলে যাওয়া দেখে মিসরীয়েরা খুশী হয়েছিল, কারণ তারা ইস্রায়েলীয়দের ভীষণ ভয় করত। 105:39 তাদের আড়াল করার জন্য তিনি তাঁর সেই মেঘটি মেলে দিলেন, আর রাতে আলো দেবার জন্য দিলেন আগুন। 105:40 তারা খাবার চেয়েছিল বলে তিনি তাদের ভারুই পাখী এনে দিলেন; স্বর্গ থেকে রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন। 105:41 তিনি পাথর খুলে দিলেন, তাতে জল বেরিয়ে আসল; শুকনা জায়গার মধ্য দিয়ে তা নদীর মত বয়ে গেল। 105:42 তাঁর দাস অব্রাহামের কাছে তিনি যে পবিত্র প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি মনে করলেন। 105:43 আনন্দ ও আনন্দ-গানের সংগে তাঁর বাছাই করা লোকদের তিনি বের করে আনলেন। 105:44 তিনি অন্যান্য জাতির দেশ ইস্রায়েলীয়দের দিলেন আর সেই সব জাতির পরিশ্রমের ফল তাঁর লোকদের নিতে দিলেন, 105:45 যাতে তারা তাঁর নিয়ম পালন করে আর তাঁর আইন-কানুন মেনে চলে। সদাপ্রভুর প্রশংসা হোক।