Psalms 106
106:1 সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়; তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
106:2 সদাপ্রভুর মহৎ কাজের বর্ণনা কে করতে পারে? তাঁর গৌরবের পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার?
106:3 ধন্য তারা, যারা চালচলনে ন্যায়ের মান রাখে আর সব সময় ন্যায় কাজ করে।
106:4 হে সদাপ্রভু, তোমার লোকদের প্রতি দয়া দেখাবার সময় আমাকে ভুলে যেয়ো না; তাদের উদ্ধার করার সময় আমার দিকেও হাত বাড়িয়ে দিয়ো।
106:5 এতে যেন আমি তোমার বাছাই করা লোকদের মংগল দেখতে পাই, তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি, আর যারা তোমার সম্পত্তি তার অংশ হিসাবে গর্ব করতে পারি।
106:6 আমাদের পূর্বপুরুষদের মত আমরাও পাপ করেছি; আমরা অন্যায় করেছি, মন্দভাবে চলেছি।
106:7 মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরা তোমার আশ্চর্য কাজ দেখে কিছুই বোঝে নি; তারা তোমার সীমাহীন অটল ভালবাসার কথাও মনে রাখে নি; তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল।
106:8 তবুও তিনি তাঁর সুনাম রক্ষার জন্য, তাঁর মহাশক্তি প্রকাশের জন্য তাদের উদ্ধার করেছিলেন।
106:9 তাঁর হুকুমে লোহিত সাগর শুকিয়ে গেল; তিনি মরু-এলাকার মধ্য দিয়ে যাওয়ার মত করে গভীর সাগরের মধ্য দিয়ে তাদের নিয়ে গেলেন।
106:10 তিনি ঘৃণাকারীদের হাত থেকে তাদের রক্ষা করলেন; শত্রুদের হাত থেকে তাদের মুক্ত করলেন।
106:11 তাদের শত্রুরা জলে ঢাকা পড়ল, একজনও বেঁচে রইল না।
106:12 তখন সদাপ্রভুর কথায় তারা বিশ্বাস করল আর তাঁর প্রশংসা-গান গাইল।
106:13 কিন্তু তাঁর কাজের কথা ভুলে যেতে তাদের দেরি হল না; তারা তাঁর পরামর্শের অপেক্ষায় রইল না।
106:14 মরু-এলাকায় তারা লোভ করে ঈশ্বরকে পরীক্ষা করল।
106:15 তারা যা চেয়েছিল তিনি তা-ই তাদের দিলেন, কিন্তু তাদের উপর পাঠিয়ে দিলেন এক ক্ষয় করা রোগ।
106:16 তাম্বুতে জীবন কাটাবার সময় মোশিকে দেখে, আর সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা সেই হারোণকে দেখে তাদের হিংসা হল।
106:17 পৃথিবী মুখ খুলে দাথনকে গিলে ফেলল আর অবীরামের দলকে ঢেকে ফেলল।
106:18 তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল; আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।
106:19 হোরেব পাহাড়ের সামনে তারা একটা বাছুর তৈরী করল আর ছাঁচে ঢালা মূর্তির উপাসনা করল।
106:20 তাদের গৌরবময় ঈশ্বরকে ফেলে তারা ঘাস খাওয়া গরুর মূর্তিকে গ্রহণ করল।
106:21 তাদের উদ্ধারকর্তা ঈশ্বরকে তারা ভুলে গেল যিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন।
106:22 হাম-বংশীয়দের দেশে করা আশ্চর্য আশ্চর্য কাজের বিষয় তারা ভুলে গেল, লোহিত সাগরের কাছে করা ভয় জাগানো সব কাজ ভুলে গেল।
106:23 তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন; তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা লোক মোশি তাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন, যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার ক্রোধ ফিরাতে পারেন।
106:24 পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল; তারা সদাপ্রভুর কথায় বিশ্বাস করল না।
106:25 তাদের তাম্বুর মধ্যে তারা বকবক করতে লাগল; সদাপ্রভুর কথায় তারা কান দিল না।
106:26 তাই তিনি তাদের সম্বন্ধে এই শপথ করলেন- তিনি মরু-এলাকাতেই তাদের শেষ করে দেবেন,
106:27 তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে মৃত্যু ঘটাবেন, আর বিভিন্ন দেশে তাদের ছড়িয়ে দেবেন।
106:28 তারা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিল আর মৃত লোকদের উদ্দেশে উৎসর্গের মাংস খেল।
106:29 এই সব মন্দ কাজ দিয়ে তারা সদাপ্রভুর অসন্তোষ জাগিয়ে তুলল, তাই তাদের মধ্যে মড়ক লাগল।
106:30 তখন পুরোহিত পীনহস্ উঠে এর উপযুক্ত শাস্তি দিলেন, আর মড়ক থেমে গেল।
106:31 পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্য নির্দোষ বলে ধরা হল।
106:32 মরীবার জলের ধারে তারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলল; তাদের জন্যই মোশি বিপদে পড়লেন।
106:33 তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাতে মোশির মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিল যা বলা তাঁর উচিত ছিল না।
106:34 ঈশ্বরের আদেশের অবাধ্য হয়ে তারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,
106:35 বরং সেই সব জাতির সংগে তারা নিজেদের মিশিয়ে দিল আর তাদের আচার-ব্যবহার গ্রহণ করল।
106:36 তাদের প্রতিমাগুলোকে তারা পূজা করল আর সেগুলোই তাদের ফাঁদ হল।
106:37 এমন কি, মন্দ আত্মাদের উদ্দেশে তাদের ছেলে ও মেয়েদের তারা বলি দিল।
106:38 তারা নির্দোষদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের রক্তপাত করল। তারা কনানের প্রতিমাগুলোর উদ্দেশে তাদের বলি দিল, তাতে গোটা দেশটা সেই রক্তে অশুচি হল।
106:39 এ সব করে তারা নিজেদের অশুচি করল; তাদের কাজ দিয়ে তারা সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হল।
106:40 সেজন্যই সদাপ্রভুর ক্রোধ তাঁর লোকদের উপর জ্বলে উঠল; যারা তাঁরই সম্পত্তি তাদের প্রতি তাঁর ঘৃণা জাগল।
106:41 তিনি অন্যান্য জাতিদের হাতে তাদের তুলে দিলেন; তাদের ঘৃণাকারীরা তাদের শাসন করতে লাগল।
106:42 তাদের শত্রুরা তাদের উপর অত্যাচার চালাল; তারা তাদের অধীনে রইল।
106:43 অনেকবারই তিনি তাদের উদ্ধার করলেন, কিন্তু তারা নিজেদের ইচ্ছায় বিদ্রোহী হল; পাপের দরুন তাদের পতন হল।
106:44 তবুও তিনি তাদের কান্না শুনে তাদের কষ্টের দিকে তাকালেন।
106:45 তাদের জন্য তাঁর স্থাপন করা ব্যবস্থার কথা তিনি মনে করলেন; তাঁর অসীম, অটল ভালবাসা অনুসারে তাদের প্রতি মমতা করলেন।
106:46 যারা তাদের বন্দী করেছিল তাদের কাছে তিনি তাদের দয়ার পাত্র করে তুললেন।
106:47 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের উদ্ধার কর; অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এস, যাতে আমরা তোমার পবিত্রতার উদ্দেশে ধন্যবাদ দিতে পারি আর তোমার গুণগান করতে পারছি বলে গর্ববোধ করতে পারি।
106:48 সৃষ্টির আগে থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। সমস্ত লোক বলুক, “আমেন।” সদাপ্রভুর প্রশংসা হোক।