Psalms 149
149:1 সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, ঈশ্বরভক্তদের সভায় তাঁর প্রশংসা-গান কর।
149:2 ইস্রায়েল তার সৃষ্টিকর্তাকে নিয়ে আনন্দ করুক, সিয়োনের লোকেরা তাদের রাজাকে নিয়ে খুশী হোক।
149:3 তারা নাচতে নাচতে তাঁর গৌরব করুক, খঞ্জনি আর বীণা বাজিয়ে তাঁর উদ্দেশে প্রশংসার গান করুক;
149:4 কারণ সদাপ্রভু তাঁর লোকদের নিয়ে আনন্দ পান; তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন।
149:5 এই সম্মান লাভ করে ঈশ্বরভক্তেরা আনন্দ করুক; তারা নিজের নিজের বিছানায় আনন্দে গান করুক।
149:6 তাদের মুখে ঈশ্বরের গৌরব থাকুক আর হাতে থাকুক দু’দিকে ধার দেওয়া তলোয়ার,
149:7 যাতে তারা জাতিদের উপরে প্রতিশোধ নিতে পারে আর সেই সব লোকদের শাস্তি দিতে পারে,
149:8 যাতে শিকল দিয়ে তাদের রাজাদের বাঁধতে পারে, তাদের উঁচু পদের লোকদের লোহার বেড়ী দিয়ে বাঁধতে পারে,
149:9 আর তাদের বিরুদ্ধে যে রায় লেখা হয়েছে তা কাজে লাগাতে পারে। এ সমস্তই তাঁর সব ভক্তদের গৌরব। সদাপ্রভুর প্রশংসা হোক।