Library · bn

Psalms 39

39:1 আমি বললাম, “আমার চলার পথ সম্বন্ধে আমি সাবধান থাকব, যেন জিভ্‌ দিয়ে আমি পাপ না করি; যতক্ষণ দুষ্টেরা আমার সামনে থাকবে ততক্ষণ আমার মুখে আমি জাল্‌তি বেঁধে রাখব।” 39:2 কিন্তু যেই আমি মুখ বন্ধ করে চুপ করে রইলাম, যা ভাল তা-ও বললাম না, অমনি আমার মনের কষ্ট বেড়ে গেল। 39:3 আমার অন্তরে যেন জ্বালা ধরে গেল; আমি যখন মনে মনে কথা বলতে লাগলাম তখন যেন আগুন জ্বলতে লাগল। তারপর আমি বললাম, 39:4 “হে সদাপ্রভু, কখন আমার জীবন শেষ হবে? আমি আর কতকাল বেঁচে থাকব তা আমাকে জানাও; আমার জীবন যে কত অল্প দিনের তা আমাকে বুঝতে দাও। 39:5 তুমি আমার আয়ু মাত্র চার আংগুলের সমান করেছ; তোমার চোখে আমার জীবনকাল কিছুই না। মানুষ তার পরিপূর্ণ অবস্থাতেও মাত্র একটা নিঃশ্বাস ছাড়া আর কিছু নয়। [সেলা] 39:6 মানুষ আসে ছায়ার মত, যায়ও ছায়ার মত; সে মিথ্যাই চেঁচামেচি করে; সে ধন-সম্পদ জমা করে কিন্তু কে তা ভোগ করবে জানে না। 39:7 “হে প্রভু, তবে আমি আর কিসের আশায় থাকব? আমার সব আশা তো তোমারই মধ্যে। 39:8 আমার সমস্ত অন্যায় থেকে তুমি আমাকে সরিয়ে নাও; যাদের বিবেক অসাড় তাদের কাছে তুমি আমাকে হাসির পাত্র করে তুলো না। 39:9 আমি চুপ করেই আছি, মুখ খুলব না, কারণ তুমিই এ সব কষ্ট হতে দিয়েছ। 39:10 আমার উপর থেকে তোমার শাস্তি তুমি সরিয়ে নাও; তোমার হাতের ঘা খেয়ে আমি প্রায় শেষ হয়ে গেছি। 39:11 পাপের জন্য তুমি যখন মানুষকে কঠিন কথায় শাসন কর, তখন পোকা-মাকড়ের মত করে তাদের সৌন্দর্য তুমিই নষ্ট করে দাও; মানুষ তো একটা নিঃশ্বাস মাত্র। [সেলা] 39:12 “হে সদাপ্রভু, তুমি আমার প্রার্থনা শোন; সাহায্যের জন্য আমার এই কান্নায় তুমি কান দাও; আমার চোখের জল দেখে তুমি চুপ করে থেকো না; কারণ আমার সমস্ত পূর্বপুরুষেরা যেমন ছিলেন তেমনি আমিও পৃথিবীতে তোমার সামনে পরদেশে বাসকারীর মত আছি। 39:13 আমার উপর থেকে তোমার কড়া নজর সরিয়ে নাও, যেন চলে যাওয়ার আগে, শেষ হয়ে যাওয়ার আগে, আবার আমি খুশী হতে পারি।”