Psalms 40
40:1 আমি ধৈর্য ধরে সদাপ্রভুর জন্য অপেক্ষা করছিলাম। তিনি আমার কথায় কান দিলেন, আমার কান্না শুনলেন।
40:2 তিনি আমাকে তুলে আনলেন কাত্রানিতে ভরা গর্ত থেকে, সেই পাঁকে ভরা গর্ত থেকে। তিনি আমাকে পাথরের উপরে দাঁড় করালেন আর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন।
40:3 তিনি আমার মুখে দিলেন নতুন গান, আমাদের ঈশ্বরের প্রশংসা-গান। অনেকের চোখেই তা পড়বে আর তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগবে; তারা সদাপ্রভুর উপর নির্ভর করবে।
40:4 ধন্য সেই লোক, যে সদাপ্রভুর উপর নির্ভর করে, যে তাদের দিকে ফেরে না যারা অহংকারী আর মিথ্যার মধ্যে থাকে।
40:5 হে আমার ঈশ্বর সদাপ্রভু, অসংখ্য তোমার আশ্চর্য কাজ! কেমন পরিকল্পনা করেছ আমাদের জন্য! আমি তা ঘোষণা করতে গেলে, বলতে গেলে, কখনও শেষ হবে না। কে আছে তোমার মত?
40:6 পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না, পোড়ানো ও পাপ-উৎসর্গেও তোমার দরকার নেই; কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।
40:7 সেজন্য আমি বলেছিলাম, “এই যে আমি এসেছি; শাস্ত্রে আমার আসার বিষয় লেখা আছে।
40:8 হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছামত চলাই আমার আনন্দ; তোমার সব নির্দেশ আমার অন্তরে আছে।”
40:9 হে সদাপ্রভু, মহাসভার মধ্যে তোমার ন্যায় কাজের বিষয় আমি প্রচার করি; তুমি তো জান, আমি মুখ বন্ধ করে থাকি না।
40:10 তোমার ন্যায় কাজের কথা আমার অন্তরে আমি লুকিয়ে রাখি না; আমি তোমার বিশ্বস্ততা ও উদ্ধার-কাজের কথা বলে থাকি; তোমার অটল ভালবাসা ও তোমার বিশ্বস্ততার কথা মহাসভার কাছে আমি গোপন করি না।
40:11 হে সদাপ্রভু, আমার প্রতি তোমার মমতা দেখাতে তুমি অস্বীকার কোরো না; তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততা যেন সব সময় আমাকে রক্ষা করে;
40:12 কারণ অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে; পাপ আমার পিছনে তাড়া করে আমার উপরে এসে পড়েছে। আমি দেখতে পাচ্ছি না; সংখ্যায় সেগুলো আমার মাথার চুলের চেয়েও বেশী; সাহস বলতে আমার আর কিছু নেই।
40:13 হে সদাপ্রভু, দয়া করে আমাকে বাঁচাও; হে সদাপ্রভু, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।
40:14 যারা আমাকে মেরে ফেলার চেষ্টায় আছে তারা সবাই লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার সর্বনাশ দেখতে চায় তারা মাথা নীচু করে ফিরে যাক।
40:15 যারা আমাকে দেখে বলে, “বেশ হয়েছে!” তারা লজ্জা পেয়ে ফিরে যাক।
40:16 কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক; যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে তারা সব সময়েই বলুক, “সদাপ্রভুর গৌরব হোক!”
40:17 আমি দুঃখী ও অভাবী, কিন্তু আমার বিষয়ে প্রভুই চিন্তা করেন। আমার ঈশ্বর, তুমি দেরি কোরো না; তুমিই তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা।