Library · bn

Psalms 47

47:1 হে সমস্ত জাতি, তোমরা হাততালি দাও; ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি কর। 47:2 মহান সদাপ্রভু ভক্তিপূর্ণ ভয় জাগান; গোটা পৃথিবীর উপরে তিনিই মহান রাজা। 47:3 অন্যান্য জাতিকে তিনি আমাদের অধীন করেন, আমাদের পায়ের তলায় তাদের রাখেন। 47:4 তিনিই আমাদের সম্পত্তি বাছাই করে রেখেছেন; তা তাঁর ভালবাসার পাত্র যাকোবের গর্বের বিষয়। [সেলা] 47:5 ঈশ্বর আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন, সদাপ্রভু তূরীর ধ্বনির মধ্যে উঠে গেছেন। 47:6 ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাও, প্রশংসার গান গাও; আমাদের রাজার উদ্দেশে প্রশংসার গান গাও, প্রশংসার গান গাও। 47:7 ঈশ্বরই সারা দুনিয়ার রাজা; তাঁর উদ্দেশে এক বিশেষ রকমের প্রশংসা-গান কর। 47:8 সব জাতির উপরে ঈশ্বরই রাজত্ব করেন; তাঁর পবিত্র সিংহাসনে তিনি বসে আছেন। 47:9 জাতিগুলোর মধ্যে যারা উঁচু পদের লোক, তারা এক জায়গায় জড়ো হয়, অব্রাহামের ঈশ্বরের লোক হিসাবেই জড়ো হয়। পৃথিবীর সব শাসনকর্তারা ঈশ্বরের অধীন, তিনিই সবচেয়ে মহান।