Psalms 71
71:1 হে সদাপ্রভু, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি, আমাকে কখনও লজ্জা পেতে দিয়ো না।
71:2 তুমি ন্যায়বান বলে আমাকে বাঁচাও, উদ্ধার কর; আমার কথায় কান দাও এবং আমাকে রক্ষা কর।
71:3 তুমিই আমার আশ্রয়-পাহাড় হও যাঁর কাছে আমি সব সময় যেতে পারি। তুমি আমার উঁচু পাহাড় ও দুর্গ, তাই আমাকে রক্ষা করার জন্য আদেশ দিয়েছ।
71:4 হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে, মন্দ ও নিষ্ঠুর লোকদের হাতের মুঠো থেকে, তুমি আমাকে উদ্ধার কর।
71:5 হে প্রভু সদাপ্রভু, তুমিই আমার আশা, যুবা বয়স থেকে তুমিই আমার ভরসা।
71:6 জন্ম থেকেই আমি তোমার উপর নির্ভরশীল; তুমিই আমাকে মায়ের গর্ভ থেকে বের করে এনেছ। তুমিই সব সময় আমার গৌরবের বিষয়।
71:7 আমাকে দেখে অনেকে হাঁ করে চেয়ে থাকে, কিন্তু তুমিই আমার অটল আশ্রয়।
71:8 আমার মুখে তোমার গুণগান লেগেই আছে, তা সারা দিনই তোমার গৌরবের কথা বলে।
71:9 আমার এই শেষ বয়সে আমাকে ফেলে দিয়ো না; আমার শক্তি ফুরিয়ে গেছে, আমাকে ত্যাগ কোরো না।
71:10 আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলছে; যারা আমাকে মেরে ফেলতে চায় তারা সবাই মিলে শলা-পরামর্শ করছে।
71:11 তারা বলছে, “ঈশ্বর ওকে ত্যাগ করেছেন; ওকে তাড়া করে ধরে ফেল, ওকে বাঁচাবার কেউ নেই।”
71:12 হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে থেকো না; হে আমার ঈশ্বর, আমাকে সাহায্য করতে তুমি শীঘ্র এস।
71:13 আমার বিপক্ষেরা লজ্জিত ও ধ্বংস হোক; যারা আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছে তারা ঘৃণা আর অপমানে ঢাকা পড়ুক।
71:14 কিন্তু আমি সব সময়েই তোমার উপর ভরসা করব, তোমার গৌরবের উপর গৌরব করতে থাকব।
71:15 তোমার ন্যায় কাজ আর তোমার করা উদ্ধার-কাজের কথা সারা দিন আমার মুখে থাকবে, কারণ সেগুলো বলে শেষ করা যায় না।
71:16 হে প্রভু সদাপ্রভু, তোমার মহৎ কাজের কথা বলার জন্য আমি তোমার ঘরে ঢুকব; আমি তোমার, কেবল তোমারই ন্যায় কাজের কথা বলব।
71:17 হে ঈশ্বর, যৌবন কাল থেকে তুমিই আমাকে শিক্ষা দিয়েছ; আজও আমি তোমার আশ্চর্য কাজের কথা প্রচার করছি।
71:18 হে ঈশ্বর, আজ বুড়ো হয়ে চুল পেকে গেলেও তুমি আমাকে ত্যাগ কোরো না; পরের বংশধরদের কাছে তোমার ক্ষমতার কথা, ভবিষ্যৎ বংশধরদের কাছে তোমার শক্তির কথা আমাকে ঘোষণা করতে দাও।
71:19 হে ঈশ্বর, তোমার ন্যায় কাজ যেন আকাশ ছুঁয়েছে; সব মহান কাজ তুমিই করেছ; হে ঈশ্বর, তোমার সমান আর কে আছে?
71:20 যদিও তুমি আমার উপর অনেক কষ্ট আর বিপদ এনেছ, তবুও তুমিই আবার আমার প্রাণ জীবিত করে তুলবে; মাটির তলা থেকে তুলে আনার মত করে আবার তুমি আমাকে তুলে আনবে।
71:21 আমি চাই তুমি যেন আমার সম্মান বাড়িয়ে দাও, আবার আমাকে সান্ত্বনা দাও।
71:22 হে আমার ঈশ্বর, তোমার বিশ্বস্ততার বিষয় নিয়ে আমি বীণা বাজিয়ে তোমার গৌরব করব; হে ইস্রায়েলের সেই পবিত্রজন, আমি সুরবাহারে তোমার প্রশংসা-গান করব।
71:23 আমি যখন তোমার প্রশংসা-গান গাইব আমার মুখ তখন চিৎকার করে আনন্দধ্বনি করবে; আমার অন্তর তোমার প্রশংসা-গান গাইবে, কারণ তুমিই আমাকে মুক্ত করেছ।
71:24 আমার মুখ সারা দিন তোমার ন্যায় কাজের কথাই বলবে, কারণ যারা আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছে তারা লজ্জিত ও অপমানিত হয়েছে।