Psalms 72
72:1 হে ঈশ্বর, বিচার করার যে অধিকার তোমার আছে তা তুমি এই রাজাকে দান কর; এই রাজপুত্রকে তোমার ন্যায়ের জ্ঞান দান কর;
72:2 যাতে তিনি ন্যায়ভাবে তোমার লোকদের বিচার করতে পারেন আর অত্যাচারিতদের সুবিচার করতে পারেন।
72:3 তাঁর ন্যায় কাজের মধ্য দিয়ে লোকদের জন্য পাহাড়-পর্বতে ভরা দেশটা মংগলে ভরে উঠুক।
72:4 তাঁর রাজ্যের অত্যাচারিত লোকদের উপর তিনি ন্যায়বিচার করুন; তাঁর গরীবদের বাঁচান আর অত্যাচারীদের চুরমার করুন।
72:5 যতদিন চাঁদ-সূর্য থাকবে ততদিন বংশের পর বংশ ধরে লোকে তাঁকে ভক্তিপূর্ণ ভয় করুক।
72:6 ঘাস কেটে নেওয়া জমির উপর বৃষ্টি পড়লে যেমন হয় তিনি যেন তেমনি হন; তিনি যেন মাটি ভিজানো বৃষ্টিধারার মত হন।
72:7 তাঁর আমলে ঈশ্বরভক্তেরা যেন প্রচুর আশীর্বাদ পায়; যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবন মংগলে মংগলে ভরে উঠুক।
72:8 তাঁর রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত, ইউফ্রেটিস্ নদী থেকে পৃথিবীর শেষ পর্যন্ত হোক।
72:9 মরু-এলাকার লোকেরা তাঁর কাছে নত হোক আর তাঁর শত্রুরা তাঁকে প্রণাম করুক।
72:10 তর্শীশ আর দ্বীপগুলোর রাজারা তাঁকে কর দিক; শিবা ও সবা দেশের রাজারাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।
72:11 সমস্ত রাজারা তাঁর কাছে মাথা নীচু করুক আর সমস্ত জাতি তাঁর সেবা করুক।
72:12 যে সব অভাবী, অত্যাচারিত ও অসহায় লোকেরা সাহায্যের জন্য কাঁদছে তাদের তিনি উদ্ধার করবেন।
72:13 অসহায় ও অভাবীদের তিনি দয়া করবেন আর অভাবীদের বাঁচাবেন।
72:14 অত্যাচার ও আক্রমণের হাত থেকে তিনি তাদের প্রাণ রক্ষা করবেন; তাঁর চোখে তাদের রক্তের দাম অনেক।
72:15 তিনি অনেক দিন বেঁচে থাকুন; শিবা দেশের সোনা তাঁর কাছে আসুক। সব সময় তাঁর জন্য প্রার্থনা হতে থাকুক; সারা দিন ধরে তাঁর উপর আশীর্বাদ ঝরে পড়ুক।
72:16 দেশে প্রচুর শস্যের ফলন হোক, তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক। ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্শন্ শব্দ উঠুক; শহর থেকে বেরিয়ে আসা লোকেরা যেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।
72:17 তাঁর সুনাম চিরকাল স্থায়ী হোক; সূর্য যতদিন আলো দেবে ততদিন তাঁর সুনাম বহাল থাকুক। তাঁর মধ্য দিয়ে সমস্ত জাতি যেন আশীর্বাদ পায়; তারা তাঁকে ধন্য বলুক।
72:18 সদাপ্রভু ঈশ্বর, যিনি ইস্রায়েলের ঈশ্বর, তাঁর গৌরব হোক; কেবল তিনিই আশ্চর্য আশ্চর্য কাজ করেন।
72:19 চিরকাল তাঁর মহিমাপূর্ণ নামের প্রশংসা হোক; সারা দুনিয়া তাঁর মহিমায় পূর্ণ হোক। আমেন, আমেন।
72:20 যিশয়ের ছেলে দায়ূদের সব প্রার্থনার শেষ এখানেই।