Proverbs 3
3:1 ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না, সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন কর;
3:2 কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক মংগল হবে।
3:3 বিশ্বস্ততা আর সততা যেন কখনও তোমাকে ছেড়ে না যায়; তোমার গলায় সেগুলো বেঁধে রাখ, তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখ।
3:4 তা করলে ঈশ্বর ও মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে।
3:5 তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর কর; তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না।
3:6 তোমার সমস্ত চলবার পথে তাঁকে সামনে রাখ; তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন।
3:7 তোমার নিজের চোখে জ্ঞানী হোয়ো না; সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় কর, মন্দ থেকে দূরে যাও।
3:8 তাতে তুমি স্বাস্থ্যবান হবে আর তোমার হাড় পুষ্ট হবে।
3:9 তোমার ধন-সম্পদ দিয়ে আর তোমার প্রথমে কাটা ফসলের অংশ উৎসর্গ করে তুমি সদাপ্রভুকে সম্মান দেখাও;
3:10 তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে আর তোমার জালাগুলো থেকে নতুন আংগুর-রস উপ্চে পড়বে।
3:11 ছেলে আমার, সদাপ্রভুর শাসন অগ্রাহ্য কোরো না, তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না;
3:12 কারণ বাবা যেমন তাঁর প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেন, ঠিক তেমনি সদাপ্রভু যাকে ভালবাসেন তাকেই বকুনি দেন।
3:13 ধন্য সেই লোক যে সুবুদ্ধির খোঁজ পায় আর বিচারবুদ্ধি লাভ করে,
3:14 কারণ তাতে রূপার ব্যবসার চেয়েও বেশী লাভ পাওয়া যায়, সোনার চেয়েও তাতে বেশী লাভ হয়;
3:15 প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী, তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না।
3:16 তার ডান হাতে আছে অনেক আয়ু, বাঁ হাতে আছে ধন আর সম্মান।
3:17 তার পথে পাওয়া যায় আনন্দ, আর তার সমস্ত পথেই আছে মংগল।
3:18 যারা তাকে ধরে তাদের কাছে তা জীবন গাছের মত; যারা তাকে আঁকড়ে ধরে তারা আশীর্বাদ পায়।
3:19 সদাপ্রভু সুবুদ্ধি দিয়ে পৃথিবীর ভিত্তি গেঁথেছেন, বিচারবুদ্ধি দিয়ে মহাকাশকে তার জায়গায় রেখেছেন।
3:20 তিনি জ্ঞান দিয়ে মাটির নীচের জল বের করে এনেছেন, আর আকাশ থেকে ফোঁটা ফোঁটা শিশির পড়ে।
3:21 ছেলে আমার, তুমি উপস্থিত বুদ্ধি ও বিচারবুদ্ধি রক্ষা কোরো, তাতে মনোযোগ দিয়ো।
3:22 তোমার জন্য তা হবে জীবন, তোমার গলার জন্য তা হবে সুন্দর হারের মত।
3:23 তখন তুমি নিরাপদে তোমার পথে চলতে পারবে, তোমার পায়ে উছোট লাগবে না।
3:24 শোবার সময় তুমি ভয় পাবে না, আর তোমার ঘুম হবে সুখের।
3:25 হঠাৎ বিপদ আসলে তুমি ভয় কোরো না, দুষ্ট লোকের ধ্বংস দেখে ভয় পেয়ো না;
3:26 কারণ তুমি সদাপ্রভুর উপরে নির্ভর করবে, আর তিনি ফাঁদে পড়া থেকে তোমার পা রক্ষা করবেন।
3:27 যারা উপকার পাবার উপযুক্ত তাদের উপকার করবার ক্ষমতা যখন তোমার হাতে থাকবে তখন তা করতে তুমি অস্বীকার কোরো না।
3:28 সাহায্য করবার ক্ষমতা তোমার হাতে থাকলে কাউকে বোলো না, “যাও, পরে এসো, কালকে করব।”
3:29 তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কোন কুমতলব কোরো না, সে তো তোমার পাশে নিশ্চিন্তে বাস করে।
3:30 যে লোক তোমার কোন ক্ষতি করে নি, বিনা কারণে তাকে দোষী কোরো না।
3:31 কোন অত্যাচারী লোককে দেখে হিংসায় জ্বলতে থেকো না, কিম্বা তার কোন পথও তুমি বেছে নিয়ো না;
3:32 কারণ বাঁকা পথে যাওয়া মানুষকে সদাপ্রভু ঘৃণা করেন, কিন্তু খাঁটি অন্তরের লোকের সংগে তিনি যোগাযোগ রাখেন।
3:33 দুষ্ট লোকের ঘরের উপর সদাপ্রভুর অভিশাপ থাকে, কিন্তু ঈশ্বরভক্তদের বাড়ীকে তিনি আশীর্বাদ করেন।
3:34 যারা ঠাট্টা-বিদ্রূপ করে তাদেরও তিনি ঠাট্টা-বিদ্রূপ করেন, কিন্তু নম্রদের দয়া করেন।
3:35 জ্ঞানীরা সম্মান পাবে, কিন্তু বিবেচনাহীনদের পাওনা হল লজ্জা।