Proverbs 4
4:1 সন্তানেরা, বাবার উপদেশে কান দাও, বিচারবুদ্ধি লাভ করবার দিকে মনোযোগ দাও।
4:2 আমি তোমাদের ভাল শিক্ষা দিচ্ছি, সেইজন্য আমার নির্দেশের অবাধ্য হোয়ো না।
4:3 আমিও তো আমার বাবার ছেলে ছিলাম, মায়ের চোখে কচি ও একমাত্র সন্তানের মত ছিলাম।
4:4 তখন বাবা আমাকে শিক্ষা দিয়ে বলতেন, “তোমার সমস্ত অন্তর দিয়ে আমার কথা ধরে রেখো; আমার আদেশ মেনে চোলো, তাতে বাঁচবে।
4:5 জ্ঞান লাভ কর, বিচারবুদ্ধি লাভ কর; আমার কথা ভুলে যেয়ো না, তা থেকে সরে যেয়ো না।
4:6 জ্ঞানকে ত্যাগ কোরো না, সে-ই তোমাকে রক্ষা করবে; তাকে ভালবেসো, সে-ই তোমার উপর নজর রাখবে।
4:7 জ্ঞানী হওয়ার প্রথম ধাপ হল জ্ঞান লাভ করা; তোমার যা কিছু আছে সব দিয়ে বিচারবুদ্ধি লাভ কর।
4:8 জ্ঞানকে প্রধান স্থান দাও, সে-ই তোমাকে উঁচুতে তুলবে; তাকে জড়িয়ে ধর, সে তোমাকে সম্মান দেবে।
4:9 সে তোমার মাথার উপর দেবে সুন্দর মালা আর উপহার দেবে সৌন্দর্যের মুকুট।”
4:10 ছেলে আমার, শোন, আমার কথা তোমার অন্তরে রাখ, তাতে তুমি অনেক বছর বেঁচে থাকবে।
4:11 আমি তোমাকে জ্ঞানের পথ দেখিয়ে দিয়েছি, সোজা পথে তোমাকে চালিয়ে নিয়েছি।
4:12 তাই হাঁটবার সময় পা ফেলতে তুমি বাধা পাবে না, দৌড়াবার সময় উছোট খাবে না।
4:13 উপদেশ ধরে রাখ, ছেড়ে দিয়ো না; তা রক্ষা কর, কারণ ওটাই তোমার জীবন।
4:14 দুষ্টদের পথে তুমি পা দিয়ো না, মন্দ লোকদের পথে হেঁটো না।
4:15 সেই পথ তুমি এড়িয়ে যাও, তার উপর দিয়ে তুমি হেঁটো না; সেই পথে না গিয়ে বরং এগিয়ে যাও;
4:16 কারণ মন্দ কাজ না করলে দুষ্টদের ঘুম হয় না; কাউকে উছোট খাওয়াতে না পারলে তাদের ঘুম আসে না।
4:17 দুষ্টতা হল তাদের খাবার আর অত্যাচার হল তাদের মদ।
4:18 ঈশ্বরভক্তদের পথ ভোরের প্রথম আলোর মত, যা দুপুর না হওয়া পর্যন্ত উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হতে থাকে।
4:19 কিন্তু দুষ্টদের পথ গভীর অন্ধকারের মত; তারা জানে না কিসে তারা উছোট খায়।
4:20 ছেলে আমার, আমি যা বলছি তাতে মন দাও, আমার কথায় কান দাও।
4:21 কথাগুলো তোমার চোখের আড়াল হতে দিয়ো না, তোমার অন্তরের মধ্যে তা রেখে দিয়ো।
4:22 যারা এই রকম করে তাদের জন্য তা হয় জীবন, তা তাদের স্বাস্থ্যবান করে।
4:23 সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশী করে পাহারা দিয়ে রাখ, কারণ অন্তর থেকেই তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে।
4:24 তোমার মুখ থেকে বাঁকা কথা দূর করে দাও, ঠোঁট থেকে খারাপ কথা দূরে সরিয়ে দাও।
4:25 তোমার চোখ যেন সোজা সামনে তাকায়, তোমার চোখের দৃষ্টি সামনের দিকে স্থির রাখ।
4:26 তোমার চলবার পথ সমান কর, তাতে তোমার পথ তুমি স্থির করতে পারবে।
4:27 ডানে কিম্বা বাঁয়ে ফিরো না; মন্দ থেকে তোমার পা দূরে রেখো।