Proverbs 5
5:1 ছেলে আমার, আমি যে জ্ঞানের কথা বলছি তা ভাল করে শোন; আমার বিচারবুদ্ধির কথায় কান দাও।
5:2 তাতে তুমি ভাল-মন্দ বুঝবার শক্তি রক্ষা করতে পারবে, আর তোমার মুখ থেকে জ্ঞানের কথা বের হবে।
5:3 ব্যভিচারিণীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে, তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম;
5:4 কিন্তু তার শেষ ফল হয় বিষের মত তেতো, দু’দিকে ধার দেওয়া ছোরার মত ধারালো।
5:5 তার পথ মৃত্যুর কাছে নেমে গেছে, তা সোজা চলে গেছে মৃতস্থানের দিকে।
5:6 জীবনের দিকে যাবার পথের কথা সে চিন্তাও করে না; তার চলবার পথ বাঁকা, কিন্তু সে তা জানে না।
5:7 ছেলেরা আমার, এবার আমার কথা শোন, আমি যা বলি তা থেকে সরে যেয়ো না।
5:8 সেই স্ত্রীলোকের কাছ থেকে তোমার পা দূরে রাখ, তার ঘরের দরজার কাছেও যেয়ো না;
5:9 যদি যাও তাহলে তোমার যৌবনের শক্তি অন্যদের দিয়ে দেবে আর তোমার আয়ু দিয়ে দেবে নিষ্ঠুরদের।
5:10 তাতে অজানা লোকেরা তোমার ধন-সম্পদ ভোগ করবে, আর তোমার পরিশ্রমের ফল চলে যাবে অন্য লোকের বাড়ীতে।
5:11 জীবনের শেষ সময়ে যখন তোমার দেহ ও মাংস ধ্বংস হবে তখন তুমি কাত্রাতে থাকবে।
5:12 তুমি বলবে, “হায়! আমি শাসন ঘৃণা করেছি, আমার অন্তর সংশোধনের কথা তুচ্ছ করেছে।
5:13 আমার শিক্ষকদের কথা আমি শুনি নি, যাঁরা আমাকে শিক্ষা দিয়েছেন তাঁদের কথায় কান দিই নি।
5:14 সমাজের লোকদের হাতে পড়ে আমি প্রায় মরেই যাচ্ছিলাম।”
5:15 তোমার নিজের জমা করা জল থেকেই তুমি জল খাও; তোমার নিজের কূয়ার টাটকা জল খাও।
5:16 তোমার নিজের ফোয়ারার জল কেন বাইরে উপ্চে পড়বে? তোমার স্রোতের জল কেন গিয়ে পড়বে রাস্তায় রাস্তায়?
5:17 তোমার সন্তানেরা তোমার একারই থাকুক, ব্যভিচারিণীদের তাতে ভাগ না থাকুক,
5:18 তোমার ফোয়ারায় আশীর্বাদ থাকুক, তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর।
5:19 সে ভালবাসাপূর্ণ হরিণী, সৌন্দর্য-ভরা হরিণী; তারই বুক তোমাকে সব সময় সন্তুষ্ট রাখুক, তুমি সব সময় তার ভালবাসায় মেতে থেকো।
5:20 ছেলে আমার, কেন তুমি ব্যভিচারিণীকে নিয়ে মজে থাকবে? তার বুক কেন তুমি জড়িয়ে ধরবে?
5:21 মানুষের চলাফেরার উপর সদাপ্রভুই চোখ রেখেছেন; তাদের সমস্ত পথ তিনিই যাচাই করে দেখেন।
5:22 দুষ্ট লোক তার মন্দ কাজের ফাঁদে পড়ে, সে নিজের পাপের দড়িতে কষে বাঁধা পড়ে।
5:23 শাসনের অভাবে সে মারা পড়ে; নিজের ভীষণ বোকামির দরুন সে তার পথে স্থির থাকে না।