Library · bn

Proverbs 6

6:1 ছেলে আমার, তুমি যদি কারও জামিন হয়ে থাক, অন্যের জামিন হবার জন্য হাতে হাত রেখে থাক, 6:2 যা বলেছ যদি তার ফাঁদে পড়ে থাক, যদি তোমার মুখের কথায় বাঁধা পড়ে থাক, 6:3 তবে ছেলে আমার, তুমি যখন অন্যের হাতে ধরা পড়ে গেছ, তখন নিজেকে ছাড়িয়ে নেবার জন্য এই সব কাজ কর- তার কাছে গিয়ে নিজেকে নীচু কর, তাকে সাধাসাধি কর, 6:4 তোমার চোখকে ঘুমাতে দিয়ো না, চোখের পাতাকে বন্ধ হতে দিয়ো না। 6:5 শিকারীর হাত থেকে হরিণের মত করে, পাখী শিকারীর হাত থেকে পাখীর মত করে তুমি নিজেকে ছাড়িয়ে নাও। 6:6 হে অলস, তুমি পিঁপড়ার কাছে যাও, তার চলাফেরা দেখে জ্ঞান লাভ কর। 6:7 তাকে আদেশ দেবার কেউ নেই, তার উপরে কোন পরিচালক বা শাসনকর্তা নেই; 6:8 তবুও সে গরমকালে তার খাবার জমা করে রাখে আর ফসল কাটবার সময় খাবার যোগাড় করে। 6:9 হে অলস, আর কতকাল তুমি শুয়ে থাকবে? কখন ঘুম থেকে উঠবে? 6:10 তুমি বলে থাক, “আর একটু ঘুম, আর একটু ঘুমের ভাব, বিশ্রামের জন্য আর একটুক্ষণ হাত গুটিয়ে রাখি।” 6:11 কিন্তু বারে বারে অতিথি আসলে কিম্বা অস্ত্রশস্ত্রে সাজা দস্যুর হাতে পড়লে যেমন অভাব আসে, ঠিক তেমনি করে তোমারও অভাব আসবে। 6:12 যে লোক জঘন্য ও দুষ্ট সে খারাপ কথা মুখে নিয়ে ঘুরে বেড়ায়; 6:13 সে চোখ টিপে ইশারা করে, পা দিয়ে ইংগিত দেয়, আংগুল দিয়ে সংকেত করে, 6:14 মনে কুটিল চিন্তা নিয়ে সব সময় কুমতলব করে আর গোলমাল বাধায়। 6:15 সেইজন্য হঠাৎ তার উপরে বিপদ আসবে; মুহূর্তের মধ্যে সে ধ্বংস হয়ে যাবে, সে আর উঠতে পারবে না। 6:16 সদাপ্রভু কমপক্ষে সাতটা জিনিস ঘৃণা করেন যেগুলো তাঁর কাছে জঘন্য: 6:17 গর্বে ভরা চোখের চাহনি, মিথ্যাবাদী জিভ্‌, নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত, 6:18 কুমতলব আঁটা অন্তর, অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা, 6:19 মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী, আর ভাইদের মধ্যে গোলমাল বাধানো লোক। 6:20 ছেলে আমার, তুমি তোমার বাবার আদেশ পালন কর, আর মায়ের দেওয়া শিক্ষা ত্যাগ কোরো না। 6:21 চিরদিনের জন্য তোমার অন্তরে তা গেঁথে রাখ, তোমার গলায় তা বেঁধে রাখ। 6:22 চলবার সময় তা তোমাকে পথ দেখাবে, ঘুমাবার সময় তোমাকে পাহারা দেবে আর জেগে উঠলে তোমার সংগে কথা বলবে; 6:23 কারণ এই সব আদেশ বাতির মত, এই শিক্ষা আলোর মত, আর কঠোর বকুনি দিয়ে শাসন করাই হল জীবনের পথ। 6:24 এই সব তোমাকে খারাপ স্ত্রীলোকের হাত থেকে রক্ষা করবে, রক্ষা করবে বিপথে যাওয়া স্ত্রীলোকের মিষ্টি কথার হাত থেকে। 6:25 তার সৌন্দর্য দেখে তুমি অন্তরে লোভ কোরো না, তার চোখের পাতায় তুমি নিজেকে বন্দী হতে দিয়ো না; 6:26 কারণ বেশ্যা শেষ পর্যন্ত তোমাকে খাবার অভাবের মধ্যে নিয়ে যাবে, আর ব্যভিচারিণী তোমার মূল্যবান প্রাণ শিকার করবে। 6:27 যদি কেউ আগুন তুলে নিয়ে নিজের কোলে রাখে তবে কি তার কাপড় পুড়ে যাবে না? 6:28 যদি কেউ জ্বলন্ত কয়লার উপরে হাঁটে তবে তার পা কি পুড়ে যাবে না? 6:29 যে লোক অন্যের স্ত্রীর কাছে যায় তার দশা এই রকমই হয়; যে সেই স্ত্রীলোককে ছোঁয় তাকে শাস্তি পেতেই হবে। 6:30 খেতে না পেয়ে খিদে মিটাবার জন্য যে চুরি করে, সেই চোরকে লোকে ঘৃণার চোখে দেখে না। 6:31 তবুও যখন সে ধরা পড়বে তখন হয়তো তাকে সাত গুণ ফিরিয়ে দিতে হবে, হয়তো তার ঘরের সমস্ত ধনও তাকে দিয়ে দিতে হবে। 6:32 যে ব্যভিচার করে তার বুদ্ধির অভাব আছে; সে তা করে নিজেকেই ধ্বংস করে। 6:33 তার ভাগ্যে আছে আঘাত আর অপমান, তার দুর্নাম কখনও মুছে যাবে না; 6:34 কারণ অন্তরের জ্বালা স্বামীর ভয়ংকর রাগকে জাগিয়ে তোলে; প্রতিশোধ নেবার সময় সে কোন দয়াই দেখাবে না। 6:35 কোন ক্ষতিপূরণই সে গ্রহণ করবে না, অনেক বেশী ঘুষ দিলেও সে সন্তুষ্ট হবে না।