Library · bn

Proverbs 7

7:1 ছেলে আমার, আমার কথা শোন আর আমার সব আদেশ তোমার অন্তরের মধ্যে জমা করে রাখ। 7:2 আমার আদেশ পালন কর, তাতে তুমি বাঁচবে। আমার দেওয়া শিক্ষা তোমার চোখের মণির মত করে পাহারা দিয়ে রাখ; 7:3 তোমার আংগুলগুলোতে তা বেঁধে রাখ, তোমার অন্তরের পাতায় তা লিখে রাখ। 7:4 জ্ঞানকে বল, “তুমি আমার বোন,” আর বুদ্ধিকে সাথী বল; 7:5 যাতে তারা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকে রক্ষা করে, রক্ষা করে সেই মিষ্টি কথায় ভরা বিপথে যাওয়া স্ত্রীলোকের হাত থেকে। 7:6 আমার ঘরের জানলার জালির মধ্য দিয়ে আমি বাইরে তাকালাম। 7:7 বোকা লোকদের মধ্যে আমি চেয়ে দেখলাম, যুবকদের মধ্যে আমি এমন একজন যুবককে লক্ষ্য করলাম যার বুদ্ধির অভাব ছিল। 7:8 সে সেই স্ত্রীলোকের বাড়ীর কাছের রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর সে তার বাড়ীর দিকের গলিতে গিয়ে ঢুকল; 7:9 তখন দিনের আলো মিলিয়ে যাবার পর সন্ধ্যা হয়ে রাতের গভীর অন্ধকার নেমে এসেছিল। 7:10 সেই সময় একজন স্ত্রীলোক তার সংগে দেখা করতে বের হয়ে আসল; তার পরনে বেশ্যার পোশাক, আর তার অন্তর ছিল ছলনায় ভরা। 7:11 সে বিপথে যাওয়া স্ত্রীলোক, জোরে জোরে কথা বলে, তার পা কখনও ঘরে থাকে না; 7:12 কখনও রাস্তায়, কখনও বাজারে, প্রত্যেকটি মোড়ে সে ওৎ পেতে থাকে। 7:13 সে সেই যুবককে ধরে চুমু দিল আর বেহায়া মুখে বলল, 7:14 “আমার ঘরে যোগাযোগ-উৎসর্গের মাংস আছে, আজকেই আমি মানত পূরণ করেছি। 7:15 তাই আমি তোমার সংগে দেখা করবার জন্য বের হয়ে এসেছি; আমি তোমার খোঁজ করে তোমাকে পেয়েছি। 7:16 মিসর দেশের বিভিন্ন রংয়ের কাপড়ের তৈরী চাদর দিয়ে আমি বিছানা ঢেকেছি; 7:17 গন্ধরস, অগুরু আর দারচিনি দিয়ে আমার বিছানা সুগন্ধযুক্ত করেছি। 7:18 এস, আমরা সকাল পর্যন্ত দেহ-ভোগে মেতে থাকি, গভীর ভালবাসার মধ্যে আনন্দ ভোগ করি। 7:19 আমার স্বামী বাড়ীতে নেই, তিনি দূরে যাত্রা করেছেন; 7:20 তিনি থলি ভরে টাকা নিয়েছেন, পূর্ণিমার আগে ঘরে ফিরবেন না।” 7:21 মন ভুলানো কথাবার্তার দ্বারা সে তাকে বিপথে নিয়ে গেল, মিষ্টি কথায় তাকে ভুলিয়ে নিল, 7:22 আর সে তখনই সেই স্ত্রীলোকের পিছনে গেল। গরু যেমন করে জবাই হতে যায়, শিকলে বাঁধা অসাড়-বিবেক লোক যেমন তার শাস্তি পেতে যায়, 7:23 পাখী যেমন তাড়াতাড়ি ফাঁদে পড়তে যায় আর শেষে তার কলিজায় তীর বিঁধে যায়, তেমনি করে সেই লোক জানেও না যে, এতে তার প্রাণ যাবে। 7:24 ছেলেরা আমার, এখন তোমরা আমার কথা শোন, আমি যা বলি তাতে কান দাও। 7:25 তোমাদের মনকে সেই স্ত্রীলোকের পথে যেতে দিয়ো না, তোমরা তার পথে ঘুরে বেড়ায়ো না; 7:26 কারণ সে অনেকের সর্বনাশ করেছে, আর যাদের সে শেষ করে দিয়েছে তারা সংখ্যায় অনেক। 7:27 তার ঘরটা হল মৃতস্থানে যাবার পথ, যে পথ মৃত্যুর ঘরে নেমে গেছে।