Proverbs 8
8:1 সুবুদ্ধি কি ডাক দেয় না? বিচারবুদ্ধি কি চিৎকার করে কথা বলে না?
8:2 পথের পাশে উঁচু জায়গায় যেখানে পথ গিয়ে পথের সংগে মিলেছে সেখানে সুবুদ্ধি দাঁড়িয়ে থাকে।
8:3 শহরে যাবার পথে ফটকের কাছে সে জোরে চেঁচিয়ে বলে,
8:4 “ওহে লোকেরা, আমি তোমাদের ডাকছি, সমস্ত মানুষের কাছে জোর গলায় বলছি।
8:5 বোকা লোকেরা, চালাক হবার বুদ্ধি লাভ কর; বিবেচনাহীন লোকেরা, বিচারবুদ্ধি লাভ কর।
8:6 শোন, আমি উপযুক্ত কথা বলব, সঠিক কথা বলবার জন্য আমার মুখ খুলব।
8:7 আমি সত্যি কথা বলব; খারাপ কথা আমার কাছে জঘন্য লাগে, তাই আমি তা বলব না।
8:8 আমার মুখের সমস্ত কথাই ঠিক, তার মধ্যে বাঁকা কথা বা কুটিলতা নেই।
8:9 যাদের বিচারবুদ্ধি আছে তাদের কাছে আমার কথা ভণ্ডামিশূন্য; যাদের জ্ঞান আছে তাদের কাছে সেগুলো খাঁটি।
8:10 রূপার চেয়ে আমার উপদেশ লাভ করতে আগ্রহী হও, বাছাই করা সোনার চেয়ে জ্ঞান লাভ করতে আগ্রহী হও;
8:11 কারণ প্র্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী; তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না।
8:12 “আমি সুবুদ্ধি, আমি চালাক হবার বুদ্ধির সংগে বাস করি; জ্ঞান ও ভাল-মন্দ বুঝবার শক্তি আমার আছে।
8:13 সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করা মানেই দুষ্টতাকে ঘৃণা করা; অহংকার, বড়াই করা, মন্দ ব্যবহার আর বাঁকা কথাকে আমি ঘৃণা করি।
8:14 পরামর্শ ও উপস্থিত বুদ্ধি আমার কাছ থেকে আসে; আমি বিচারবুদ্ধি, আমি ক্ষমতা দিই।
8:15 রাজারা রাজত্ব করে আমার দ্বারা, আর শাসনকর্তারা তৈরী করে ন্যায়পূর্ণ আইন-কানুন;
8:16 আমার দ্বারা রাজপুরুষেরা আর উঁচু পদের লোকেরা শাসন-কাজ চালায়; তারা সবাই বিচারকের কাজ করে।
8:17 যারা আমাকে ভালবাসে আমিও তাদের ভালবাসি; যারা মনে-প্রাণে আমার খোঁজ করে তারা আমাকে পায়।
8:18 ধন ও সম্মান আমার কাছ থেকে আসে, আসে স্থায়ী সম্পদ ও মংগল।
8:19 সোনার চেয়েও, এমন কি, খাঁটি সোনার চেয়েও আমার দেওয়া ফল ভাল; আমি যা দিই তা বাছাই করা রূপার চেয়েও খাঁটি।
8:20 আমি ন্যায়ের পথে হাঁটি, ন্যায়বিচারের পথ ধরে চলি।
8:21 যারা আমাকে ভালবাসে তারা ধন-সম্পদ পায়; আমিই তাদের ধনভাণ্ডার পরিপূর্ণ করে তুলি।
8:22 “সদাপ্রভুর কাজের শুরুতে, তাঁর সৃষ্টির কাজের আগে আমি তাঁরই ছিলাম;
8:23 সেই প্রথম থেকে, পৃথিবী সৃষ্টির আগে থেকে, সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে।
8:24 যখন কোন সাগর ছিল না, ছিল না কোন ফোয়ারা যেখান থেকে প্রচুর জল বের হয়ে আসে, তখন আমি জন্মেছিলাম।
8:25 পাহাড়-পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম।
8:26 যখন পৃথিবী ও মাঠ-ময়দান কিম্বা পৃথিবীর একটা ধূলিকণা পর্যন্ত তিনি তৈরী করেন নি, তখন আমি ছিলাম।
8:27 তিনি যখন মহাকাশ স্থাপন করছিলেন তখন আমি সেখানে ছিলাম; তিনি যখন সাগরের উপরে চারদিকের সীমানা ঠিক করছিলেন, তখন আমি সেখানে ছিলাম।
8:28 তিনি যখন উপর দিকে আকাশ স্থাপন করছিলেন আর মাটির নীচের বড় বড় ফোয়ারা শক্তভাবে স্থাপন করছিলেন,
8:29 তিনি যখন সাগরের সীমানা স্থির করছিলেন যেন জল তাঁর নিয়মের বাইরে পার হয়ে না আসে, যখন তিনি পৃথিবীর ভিত্তি ঠিক করছিলেন,
8:30 তখন আমিই কারিগর হিসাবে তাঁর পাশে ছিলাম। দিনের পর দিন আমি খুশীতে পূর্ণ হয়ে তাঁর সামনে সব সময় আনন্দ করতাম;
8:31 তাঁর পৃথিবী নিয়ে আনন্দ করতাম, আর মানুষকে নিয়ে খুশীতে পূর্ণ ছিলাম।
8:32 “ছেলেরা আমার, এখন আমার কথা শোন; যারা আমার পথে চলে তারা সুখী।
8:33 আমার নির্দেশে কান দাও, জ্ঞানবান হও, অবহেলা কোরো না।
8:34 যে লোক আমার কথা শোনে আর প্রতিদিন আমার দরজার কাছে জেগে থাকে ও আমার দরজার চৌকাঠে অপেক্ষা করে সে সুখী;
8:35 কারণ যে আমাকে পায় সে জীবন পায় আর সদাপ্রভুর কাছ থেকে দয়া পায়।
8:36 কিন্তু যে আমাকে পায় না সে নিজের ক্ষতি করে; যারা আমাকে ঘৃণা করে তারা সবাই মৃত্যুকে ভালবাসে।”